মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানান, ‘জাল যার, জলা তার’ নীতি বাস্তবায়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যাতে দেশের উন্মুক্ত জলাশয়গুলোতে প্রকৃত জেলেরা সহজে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করতে পারেন।
শুক্রবার (৩ জুলাই) সকালে নেত্রকোনা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনিএ কথা বলেন।
জলাশয় ও নদী-খাল সংস্কার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে খাল খনন কর্মসূচি প্রথম শুরু করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই ধারাবাহিকতা বজায় রেখে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের নদী-খাল খনন, জলাশয় সংরক্ষণ এবং নাব্যতা রক্ষায় বিভিন্ন যুগান্তকারী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন শুরু করেছেন। ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ নদী ও খাল খনন করা হয়েছে, যার ফলে জলাবদ্ধতা নিরসন, জলাশয় সংরক্ষণ এবং সার্বিক মৎস্য উৎপাদন বৃদ্ধির এক বিশাল সুযোগ সৃষ্টি হচ্ছে।
তিনি আরও জোর দিয়ে বলেন, সরকারের মূল লক্ষ্য হলো দেশের জলাশয়গুলোকে প্রভাবশালী মুক্ত ও উন্মুক্ত রাখা, যেন প্রান্তিক ও প্রকৃত জেলেরা কোনো বাধা ছাড়াই মাছ আহরণ করে তাদের অধিকার ও জীবিকা নিশ্চিত করতে পারেন।
মতবিনিময় সভায় প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি দেশের অবকাঠামোগত উন্নয়ন নিয়ে বলেন, সরকারের সক্ষমতার সীমাবদ্ধতা থাকলেও জনগণের চাহিদাকে প্রাধান্য দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে প্রধান সড়ক, রেললাইন, লোকোমোটিভ, কোচ, রেলস্টেশন আধুনিকায়ন এবং সামগ্রিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। জনগণের অর্থের সঠিক ব্যবহার ও সর্বোচ্চ উপকার নিশ্চিত করতে প্রতিটি প্রকল্প ফিজিবিলিটি স্টাডি (সম্ভাব্যতা যাচাই) করেই বাস্তবায়ন করা হচ্ছে।
এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।
সার্কিট হাউসে প্রেস ব্রিফিং শেষে প্রতিমন্ত্রী তার দিনব্যাপী সরকারি সফরের অংশ হিসেবে মদন উপজেলার উচিতপুর ট্রলার ঘাটে একটি পথসভায় যোগ দেন এবং সেখানে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন। পরবর্তীতে খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুর ইউনিয়নের রোয়াইল-নাওটানা সংযোগস্থল, সদর উপজেলার বাজোয়াইল কীর্তনখোলা ফিশারি এবং মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর ইউনিয়নের বরান্তর চিরা ডুবি হাওরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নেন। সরকারি সফর সমাপ্ত করে রাতেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
সময়ের আলো/জোই