রমনা পার্কে ‘গাছগাছালির গল্পকথা’ দিয়ে ‘প্রকৃতিপাঠ পাঠশালা’র যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

আগামী প্রজন্মকে পরিবেশের ‘ফুসফুস’ গাছের সঙ্গে পরিচিত করে তুলতে ‘প্রকৃতিপাঠ পাঠশালা’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে রাজধানীর রমনা পার্কে

2026-07-03T18:36:55+00:00
2026-07-03T18:40:17+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষা
রমনা পার্কে ‘গাছগাছালির গল্পকথা’ দিয়ে ‘প্রকৃতিপাঠ পাঠশালা’র যাত্রা শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৬:৩৬ পিএম  আপডেট: ০৩.০৭.২০২৬ ৬:৪০ পিএম
রমনা পার্কে সম্প্রতি ‘গাছগাছালির গল্পকথা’ শীর্ষক একটি ব্যতিক্রমধর্মী ন্যাচার ক্যাম্পের আয়োজন করা হয়। ছবি : সংগৃহীত

আগামী প্রজন্মকে পরিবেশের ‘ফুসফুস’ গাছের সঙ্গে পরিচিত করে তুলতে ‘প্রকৃতিপাঠ পাঠশালা’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে রাজধানীর রমনা পার্কে সম্প্রতি ‘গাছগাছালির গল্পকথা’ শীর্ষক একটি ব্যতিক্রমধর্মী ন্যাচার ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া এই ক্যাম্পে ৫ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকেরাও অংশ নেন।

আয়োজনের শুরুতে বিভিন্ন আনন্দঘন কার্যক্রমের মাধ্যমে শিশুদের একে অপরের সঙ্গে পরিচিত করা হয়। পরে রমনা পার্কের বিভিন্ন প্রজাতির গাছের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়। শিক্ষার্থীরা নোটপ্যাডে বিভিন্ন গাছের পাতা সংগ্রহ করে সেগুলোর নাম ও বৈশিষ্ট্য লিখে রাখে। পাশাপাশি পাতা দেখে ছবি আঁকার মতো সৃজনশীল কার্যক্রমেও অংশ নেয় তারা।

আয়োজকরা জানান, বর্তমানে পাঠ্যবইয়ের বাইরের সময়ের বড় একটি অংশ শিশুদের কাটছে মোবাইল, ট্যাবসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইসের পর্দায়। তাদের এই স্ক্রিননির্ভরতা কমিয়ে প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকৃতিকে ভালোবাসতে ও সংরক্ষণ করতে হলে ছোটবেলা থেকেই শিশুদের প্রকৃতিকে জানতে হবে। সে লক্ষ্যেই চার দেয়ালের বাইরে এই উন্মুক্ত পাঠশালার আয়োজন।

ক্যাম্পে মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় উদ্ভিদ উদ্যানের সাবেক প্রধান বোটানিস্ট শামসুল হক, উদ্ভিদবিদ ও স্থপতি তুঘলক আজাদ মিঠু, পরিবেশবিষয়ক লেখক মৃত্যুঞ্জয় রায় এবং খাদিজা বাপ্পী। গল্প, পর্যবেক্ষণ ও হাতে-কলমে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তারা শিশুদের কাছে গাছ, পাতা, ফুল ও প্রকৃতির নানা বিষয় সহজভাবে তুলে ধরেন।

ক্যাম্পে অংশ নেওয়া কয়েকজন অভিভাবক এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান। তাদের মতে, শিশুদের মানসিক বিকাশ, পরিবেশ সচেতনতা এবং প্রকৃতির প্রতি ভালোবাসা গড়ে তুলতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রকৃতিপাঠ পাঠশালার উদ্যোক্তা ও এভারেস্ট বিজয়ী ইকরামুল হাসান শাকিল বলেন, আমাদের সন্তানরা প্রকৃতির প্রতি সহমর্মিতা ও ভালোবাসা নিয়ে বেড়ে উঠুক। প্রকৃতির সঙ্গে সখ্যতাই হোক তাদের মানবিক মানুষ হয়ে ওঠার প্রথম পাঠ। গতানুগতিক বইয়ের শিক্ষার গণ্ডি পেরিয়ে আনন্দ, সৃজনশীলতা, অভিজ্ঞতা ও অনুসন্ধানের মধ্য দিয়ে তাদের মেধা ও মননের বিকাশ ঘটুক-সেই সুযোগ করে দেওয়াই আমাদের লক্ষ্য।

অনুষ্ঠানে প্রকৃতিপাঠ পাঠশালার সহ-উদ্যোক্তা পর্বতারোহী সাদিয়া সুলতানা, আনন্দ বিনোদন ম্যাগাজিনের সম্পাদক এসএএম সুমনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘প্রকৃতিপাঠ পাঠশালা’ ব্রেথ অব ন্যাচার (বন) ফাউন্ডেশনের একটি শিক্ষা কার্যক্রম। ক্যাম্প শেষে অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেওয়ার মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।

সময়ের আলো/আরবিএন 

  বিষয়:   রমনা পার্ক  ‘গাছগাছালির গল্পকথা’  ‘প্রকৃতিপাঠ পাঠশালা’ 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: