জুন মাসে ইউরোপজুড়ে বয়ে যাওয়া তীব্র দাবদাহে ফ্রান্স, নেদারল্যান্ডস এবং বেলজিয়ামে অন্তত ৩,৭০০ জনের ‘অতিরিক্ত মৃত্যু’ রেকর্ড করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এটি প্রাথমিক হিসাব এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
বিশেষজ্ঞদের মতে, ২০ থেকে ২৮ জুন পর্যন্ত স্থায়ী এই দাবদাহ ইউরোপের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ। এর ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে, অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থা চরম চাপের মুখে পড়েছে। বিজ্ঞানীদের দাবি, এই চরম তাপমাত্রার পেছনে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রায় নিশ্চিত।
ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ত শুক্রবার স্থানীয় টেলিভিশনকে জানিয়েছেন, দেশটিতে দাবদাহ চলাকালীন ২,০২৫ জনের অতিরিক্ত মৃত্যু হয়েছে, যার মধ্যে ৪৫ বছরের বেশি বয়সী ব্যক্তিদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ফ্রান্সের জনস্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২২ থেকে ২৮ জুন পর্যন্ত বাড়িতে মৃত্যুর হার আগের সপ্তাহের তুলনায় ৯১ শতাংশ বেড়েছে। পাশাপাশি নার্সিং হোম ও স্বাস্থ্যসেবা কেন্দ্রেও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, চূড়ান্ত হিসাবে মৃতের সংখ্যা বর্তমান হিসাবের চেয়েও বেশি হতে পারে।
বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ থেকে ২৯ জুনের মধ্যে দেশটিতে প্রায় ১,২০০ জনের অতিরিক্ত মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮৫ বছর বা তার বেশি বয়সীদের সংখ্যা ৫৩০ জন এবং ৬৫ বছরের নিচে ১৮০ জন। মন্ত্রণালয় আরও জানায়, দাবদাহের সময় এমন অতিরিক্ত মৃত্যু আমাদের দেশে নজিরবিহীন।
অন্যদিকে, নেদারল্যান্ডসের কর্তৃপক্ষ জানিয়েছে, এই দাবদাহে দেশটিতে প্রায় ৪৮০ জনের অতিরিক্ত মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশের বয়স ৮০ বছরের বেশি।
সূত্র: রয়টার্স
সময়ের আলো/কহু