চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেলের বিকট শব্দ করা নিয়ে কথা-কাটাকাটির জেরে একদল কিশোর দুই পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে আলমডাঙ্গা পৌর এলাকার বন্ডবিল রেলগেটে এ ঘটনা ঘটে। এতে জড়িত থাকার অভিযোগে ৪ কিশোরকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আলমডাঙ্গা থানার এসআই শোভন কুমার কুন্ডু ও এএসআই সোহেল উপজেলার নতিডাঙ্গা গ্রামে একটি মামলার তদন্ত শেষ করে মোটরসাইকেলে থানায় ফিরছিলেন। রেলগেট এলাকায় চুয়াডাঙ্গা থেকে আসা ১৫-২০ জনের একদল কিশোরের সঙ্গে তাদের দেখা হয়, যারা আলমডাঙ্গায় একটি দাওয়াতে এসেছিল। কিশোরদের একটি মোটরসাইকেলের সাইলেন্সার পাইপ খোলা থাকায় বিকট শব্দ হচ্ছিল। পুলিশ সদস্যরা এর প্রতিবাদ করলে এক কিশোরের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়।
কথা-কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অন্য কিশোররা জড়ো হয়ে দুই পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করে। স্থানীয় লোকজন বাধা দিতে গেলে কিশোররা তাদের প্রতিও মারমুখী আচরণ করে। পরে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ধাওয়া দিয়ে ৪ কিশোরকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যায়।
খবর পেয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাঈল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন এবং আটক কিশোরদের থানায় নিয়ে যান।
আটক হওয়া চার কিশোর হলো, চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার আহম্মেদ হোসেন (১৭), মো. রাজ (১৭), আব্দুল্লাহ (১৭) এবং সাকিব আলী (১৭)।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বিকাশ চন্দ্র সরকার জানান, আটকরা সবাই কিশোর। এই ঘটনার বিষয়ে তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সময়ের আলো/জোই