‘আমার এলাকায় মাদকসেবী ও চাঁদাবাজদের ঠাঁই হবে না’

পাবনা প্রতিনিধি

সারাদেশ

মাদক বিক্রি, সেবন এবং অপরাধীদের পক্ষে যেকোনো ধরনের তদবির ও স্থানীয় সালিশকারীদের কঠোর হস্তে দমনের ঘোষণা দিয়েছেন পাবনা-২ আসনের সংসদ

2026-07-05T22:08:46+00:00
2026-07-05T22:08:46+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
সারাদেশ
‘আমার এলাকায় মাদকসেবী ও চাঁদাবাজদের ঠাঁই হবে না’
পাবনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ১০:০৮ পিএম 
পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব। ছবি : সময়ের আলো
মাদক বিক্রি, সেবন এবং অপরাধীদের পক্ষে যেকোনো ধরনের তদবির ও স্থানীয় সালিশকারীদের কঠোর হস্তে দমনের ঘোষণা দিয়েছেন পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব। মাদক ও সন্ত্রাস নির্মূলে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (৫ জুলাই) দুপুরে পাবনার সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে সুজানগর বাজারে আয়োজিত এক বিশাল ‘নাগরিক সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজ প্রতিরোধের লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি সেলিম রেজা হাবিব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমার এলাকায় কোনো মাদকসেবী, মাদক বিক্রেতা, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজের ঠাঁই হবে না। এসব অপরাধ নির্মূলে এলাকায় দুটি বিশেষ ‘অভিযোগ বক্স’ স্থাপন করা হবে এবং একটি সার্বক্ষণিক ‘হটলাইন নম্বর’ চালু করা হবে। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আমার সঙ্গে যারা রাজনীতি করেন, তাদের কেউ যদি এই অপকর্মের সঙ্গে জড়িত থাকেন, তবে আমার কাছে তাদের কোনো জায়গা হবে না।


তিনি আরও জানান, নির্বাচনি এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে পৃথক তিনটি কমিটি গঠন করা হয়েছে। যাদের বিরুদ্ধে বিন্দুমাত্র অভিযোগ আছে, তাদের এই কমিটিতে রাখা হয়নি। ইতোমধ্যে অপরাধীদের তালিকা তৈরি করা হয়েছে এবং প্রশাসন দ্রুতই আইনগত ব্যবস্থা নেবে। রাজনৈতিক প্রতিহিংসার বিষয়ে তিনি সাফ জানিয়ে দেন, দলের নামে কেউ প্রতিহিংসামূলক আচরণ করলে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হবে।

রাজনৈতিক পট পরিবর্তনের কথা উল্লেখ করে এমপি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পর আমরা একজন মানবিক প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে পেয়েছি। বিগত প্রায় ৪ মাসে কোনো পরিপত্র জারি ছাড়াই তিনি দেশ পরিবর্তনে কাজ করছেন। পার্শ্ববর্তী দেশ আমাদের কুক্ষিগত করতে চাইলেও সাহসী প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ তার উৎকৃষ্ট উদাহরণ। ভালো কাজ করাতে হলে আমাদের মানবিক হতে হবে। মাদক, সন্ত্রাসী নির্মূল করতে হবে। তবেই প্রধানমন্ত্রী দেশের মানুষের চাহিদানুযায়ী দেশ পরিচালনায় সক্ষম হবেন। 

তিনি বলেন, রাজনৈতিকভাবে আমাদের প্রতিহিংসা নেই। কেউ প্রতিহিংসার শিকার হবে না। কেউ যদি কাউকে প্রতিহিংসায় ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেই নেতা কর্মীর বিএনপি করার দরকার নেই। তাদের দল থেকে বের করে দেওয়া হবে।

নাগরিক সমাবেশে শুরুতেই স্বাগত বক্তব্য দেন, সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জাতীয় গোয়েন্দা সংস্থা পাবনার উপপরিচালক তৌফিক ইকবাল, জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট মাহবুবুর রহমান সরকার, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক শহিদুল মান্নাফ কবির, বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোনাল্ড চাকমা, জিপি অ্যাডভোকেট আরশেদ আলম, পাবনা প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, পাবনা র‍্যাব ক্যাম্পের কমান্ডার ওয়াহিদুজ্জামান, সুজানগর সার্কেলের এএসপি সাদেক আহমেদ, সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন, বীরমুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন, সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, সাবেক সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, সুজানগর উপজেলা বিএনপির আহ্বায়ক এবিএম তৌফিক হাবিব, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বিশ্বাস, বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইচ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহমুদুল আলম নান্নু, সাবেক সহসভাপতি শামসুর রহমান সমেজ, সাবেক যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, বেড়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকছেদ আলী প্রমুখ। 

সময়ের আলো/জোই 


  বিষয়:   মাদকসেবী  চাঁদাবাজ  ঠাঁই  মাদক বিক্রি  সন্ত্রাস  চাঁদাবাজ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: