উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা থাকায় দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
সোমবার (৬ জুলাই) আবহাওয়া অধিদফতরের পরিচালক ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি উড়িষ্যা ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এর কেন্দ্রের অবস্থান ২১ দশমিক ৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৬ দশমিক ৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে অনুরোধ জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সময়ের আলো/আআ