জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দেশের মূল্যস্ফীতিতে কিছুটা স্বস্তির আভাস মিলেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, জুন মাসে জাতীয় পর্যায়ে পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি কমে

2026-07-06T22:10:04+00:00
2026-07-06T22:10:04+00:00
 
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
সোমবার, ৬ জুলাই ২০২৬
অর্থনীতি
জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১০:১০ পিএম 
দেশের মূল্যস্ফীতিতে কিছুটা স্বস্তির আভাস মিলেছে। ছবি : সংগৃহীত
দেশের মূল্যস্ফীতিতে কিছুটা স্বস্তির আভাস মিলেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, জুন মাসে জাতীয় পর্যায়ে পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ১৬ শতাংশে নেমে এসেছে। আগের মাস মে-তে এ হার ছিল ৯ দশমিক ৪২ শতাংশ।

সোমবার (৭ জুলাই) প্রকাশিত বিবিএসের মাসিক মূল্যস্ফীতি প্রতিবেদনে দেখা যায়, জুন মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত— উভয় খাতেই মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে।

প্রতিবেদন অনুযায়ী, জুনে খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ৬০ শতাংশে নেমে এসেছে, যা মে মাসে ছিল ৯ দশমিক ০৬ শতাংশ। একই সময়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৭১ শতাংশ থেকে কমে ৯ দশমিক ৬১ শতাংশে দাঁড়িয়েছে।

তবে গত বছরের একই সময়ের তুলনায় মূল্যস্ফীতির চাপ এখনো বেশি। ২০২৫ সালের জুনে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৪৮ শতাংশ, যা চলতি বছরের জুনে বেড়ে ৯ দশমিক ১৬ শতাংশ হয়েছে।


একইভাবে খাদ্য মূল্যস্ফীতি গত বছরের জুনের ৭ দশমিক ৩৯ শতাংশ থেকে বেড়ে এ বছরের জুনে ৮ দশমিক ৬০ শতাংশে পৌঁছেছে। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও ৯ দশমিক ৩৭ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৬১ শতাংশ হয়েছে।

অন্যদিকে, ১২ মাসের চলন্ত গড় মূল্যস্ফীতিতে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। বিবিএসের হিসাবে, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বার্ষিক গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৮ শতাংশ। এর আগের বছরের একই সময়ে এ হার ছিল ১০ দশমিক ০৩ শতাংশ।

ফলে মাসভিত্তিক মূল্যস্ফীতির হার এখনও ৯ শতাংশের ওপরে থাকলেও, বার্ষিক গড় মূল্যস্ফীতি আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানিয়েছে বিবিএস।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   জুন  মূল্যস্ফীতি  ৯.১৬ শতাংশ 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: