ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৭ জুলাই) আঙ্কারার ইটিমেসগুট বিমান ঘাঁটিতে অবতরণের পর তাকে এক জাঁকজমকপূর্ণ ও ঐতিহ্যবাহী আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। এ সময় বিমান ঘাঁটির টারমাকে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান নিজেই উপস্থিত ছিলেন, যা দুই নেতার মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্কের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প এর আগেও একাধিকবার এরদোয়ানকে তার ‘বন্ধু’ হিসেবে অভিহিত করেছেন।
তুর্কি ঐতিহ্য অনুসারে বিমান ঘাঁটিতে লাল গালিচার পরিবর্তে একটি বিশেষ ‘তুর্কি নীল’ (টারকোয়েজ ব্লু) গালিচা বিছিয়ে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানানো হয়। সেখানে উপস্থিত তুর্কি সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, আঙ্কারায় পৌঁছানোর পর ট্রাম্পকে আরও স্বাগত জানান তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও সিরিয়া-ইরাক বিষয়ক বিশেষ মার্কিন দূত টম বারাক, ন্যাটোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ম্যাট হুইটেকার এবং মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।
মূল সম্মেলন শুরুর আগে তুর্কি প্রেসিডেন্টের বিশাল ও বিলাসবহুল প্রাসাদে দুই নেতার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর ট্রাম্প ন্যাটো নেতাদের অফিশিয়াল নৈশভোজে অংশ নেবেন।
সূত্র:সিএনএন
সময়ের আলো/কহু