টেলিটক বিক্রির পরিকল্পনা নেই, নগদ নিয়ে সিদ্ধান্ত মামলার নিষ্পত্তির পর : তথ্যপ্রযুক্তিমন্ত্রী

জাতীয়

রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি জানান,

2026-07-07T19:09:13+00:00
2026-07-07T19:09:13+00:00
 
  মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
জাতীয়
টেলিটক বিক্রির পরিকল্পনা নেই, নগদ নিয়ে সিদ্ধান্ত মামলার নিষ্পত্তির পর : তথ্যপ্রযুক্তিমন্ত্রী
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৭:০৯ পিএম 
ছবি : সংগৃহীত
রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি জানান, সরকারের অবস্থান অনুযায়ী, টেলিটককে রাষ্ট্রীয় মালিকানায় রেখেই প্রতিযোগিতামূলক ও আধুনিক অপারেটর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে। একই সঙ্গে নগদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত আদালতে চলমান মামলার ফলাফলের ওপর নির্ভর করবে। 

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান টেলিটক কিনতে আগ্রহ দেখিয়েছে, কিন্তু আমরা বিক্রি করব না। আমরা টেলিটককে আপগ্রেড করব। প্রতিযোগিতামূলক এই বাজারে রাষ্ট্রীয় অপারেটরের উপস্থিতি প্রয়োজন।
সম্প্রতি সরকারের কাছে পাঠানো এক প্রস্তাবে রাষ্ট্রায়ত্ত টেলিটক ও বিটিসিএলের সঙ্গে অংশীদারত্বে কাজ করার আগ্রহ প্রকাশ করে বেসরকারি মোবাইল অপারেটর বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন। একই সঙ্গে টেলিটককে বাংলালিংকের সঙ্গে একীভূত করার প্রস্তাবও দেয় প্রতিষ্ঠানটি।

এ ছাড়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) নগদে বিনিয়োগ বা অংশীদার হওয়ার আগ্রহের কথাও জানায় ভিওন।

গত ২৯ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে ভিওনের চেয়ারম্যান অগি কে ফাবেলা বাংলাদেশে এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে সহায়তার প্রতিশ্রুতি দেন। এর মধ্যে ভিওন নিজেই ২৫ কোটি ডলার (প্রায় ৩ হাজার ৮১ কোটি টাকা) বিনিয়োগ করবে এবং অবশিষ্ট অর্থ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে আনতে কাজ করবে বলে জানানো হয়।

প্রস্তাবিত বিনিয়োগের সম্ভাব্য খাতগুলোর মধ্যে রয়েছে পরবর্তী প্রজন্মের ডিজিটাল অবকাঠামো, ডিজিটাল ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও উন্নত সংযোগপ্রযুক্তি।

এদিকে নগদ বিক্রির বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্যপ্রযুক্তিমন্ত্রী বলেন, নগদ নিয়ে মামলা রয়েছে। মামলার নিষ্পত্তির পর সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। নগদ থেকে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগের তদন্ত প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক) দেখছে। তিনি বলেন, একবার মানুষের পকেটের টাকা চলে গেলে তা উদ্ধার করা খুবই কঠিন।

সময়ের আলো/কহু


  বিষয়:   ডাক  টেলিযোগাযোগ  তথ্যপ্রযুক্তিমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: