জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের পরিবার ও তার মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছোট ভাই মাহমুদুল্লাহ বিন জিসানের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক আবেগঘন পরিবেশে শহীদ আব্দুল্লাহর মা ফাতেমা তুজ জোহরা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। এ সময় ফাতেমা তুজ জোহরা তার ক্যান্সারে আক্রান্ত ছোট ছেলে জিসানকে প্রধানমন্ত্রীর সামনে নিয়ে আসেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান পরম মমতায় জিসানের চিকিৎসার বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সুনির্দিষ্ট নির্দেশনাবলী পর্যালোচনা করেন। একই সাথে তিনি দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগকারী এই পরিবারের জীবিকা নির্বাহ ও সম্মানের কথা বিবেচনা করে শহীদ জননী ফাতেমা তুজ জোহরাকে একটি সরকারি চাকরি প্রদানের আশ্বাস দেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের চূড়ান্ত বিজয়ের রাতে স্বৈরাচারী বাহিনীর গুলিতে নির্মমভাবে শহীদ হন ফাতেমা তুজ জোহরার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ। দেশের জন্য বুক পেতে দেওয়া জাহিদের শাহাদাতের ঠিক দুই সপ্তাহ পর পরিবারটি জানতে পারে, তাদের ছোট ছেলে জিসান মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। এই শোকের সাত মাস পর পরিবারটির ওপর আরও বড় আঘাত নেমে আসে, যখন জিসানের বাবাও মৃত্যুবরণ করেন।
একদিকে জ্যেষ্ঠ সন্তানকে হারানোর বেদনা, অন্যদিকে কনিষ্ঠ সন্তানের ক্যান্সার এবং একমাত্র উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে সম্পূর্ণ অসহায় হয়ে পড়েন ফাতেমা তুজ জোহরা। সেই চরম সংকটের মুহূর্ত থেকেই সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে অসহায় পরিবারটির পাশে দাঁড়ান তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমানের সরাসরি তত্ত্বাবধানে তখন থেকেই জিসানের ব্যয়বহুল ক্যান্সারের চিকিৎসার যাবতীয় খরচ ও ব্যবস্থাপনা পরিচালিত হয়ে আসছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ফাতেমা তুজ জোহরাকে আশ্বস্ত করে বলেন, শহীদেরা দেশের সম্পদ এবং তাদের পরিবারের দেখাশোনা করা রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব ও কর্তব্য। জিসানের সম্পূর্ণ সুস্থতা না হওয়া পর্যন্ত সরকার এই চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন করবে।
সময়ের আলো/কহু