চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও প্রশ্নপত্রের সর্বোচ্চ গোপনীয়তা নিশ্চিত করতে জরুরি নির্দেশনা জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। প্রশ্নপত্র গ্রহণ থেকে শুরু করে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ পর্যন্ত প্রতিটি ধাপে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। দেশের সব এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে চিঠিটি পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার কক্ষে প্রয়োজনের অতিরিক্ত কোনো প্রশ্নপত্র নেওয়া যাবে না। প্রশ্নপত্র বিতরণ শেষে অব্যবহৃত বা অতিরিক্ত প্রশ্নপত্র নির্ধারিত পদ্ধতিতে তাৎক্ষণিকভাবে নিরাপদে সংরক্ষণ করতে হবে।
এতে আরও বলা হয়, কোনো অবস্থাতেই প্রশ্নপত্র বা এর কোনো অংশ পরীক্ষা কক্ষের বাইরে নেওয়া যাবে না। প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষায় কেন্দ্রসংশ্লিষ্ট সব কর্মকর্তা, কক্ষ পরিদর্শক ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার পাশাপাশি নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
জরুরি এই নির্দেশনার অনুলিপি দেশের সব সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হয়েছে।
সময়ের আলো/কেএইচও