টানা ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ায় দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে জোয়ারের পানির উচ্চতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে দ্বীপের বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উত্তাল বঙ্গোপসাগরের বিশালাকার ঢেউ উপকূলে আছড়ে পড়ায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার (৭ জুলাই) পর্যন্ত টানা তিন দিন ধরে কক্সবাজার, টেকনাফ ও সেন্টমার্টিনজুড়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। একই সঙ্গে উত্তর-পূর্ব দিক থেকে তীব্র দমকা হাওয়া প্রবাহিত হওয়ায় সাগর আরও উত্তাল হয়ে উঠেছে।
স্থানীয় সূত্র জানায়, জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বৃদ্ধি পাওয়ায় দ্বীপের নিচু এলাকার অনেক ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। অনেক স্থানে হাঁটুসমান পানি জমে যাওয়ায় সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল পুরোপুরি ব্যাহত হচ্ছে। বৈরী পরিস্থিতির কারণে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না।
সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা আবু তালেব জানান, টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও উত্তাল সাগরের কারণে বঙ্গোপসাগরের পানির উচ্চতা আগের তুলনায় আনুমানিক ৪ থেকে ৫ ফুট বেড়েছে। বড় বড় ঢেউ একের পর এক দ্বীপে আছড়ে পড়ছে। দীর্ঘ সময় এই পরিস্থিতি বজায় থাকলে দ্বীপবাসীর দুর্ভোগ আরও চরম আকার ধারণ করবে।
সাগর প্রচণ্ড উত্তাল থাকায় এবং নৌ-রুটে ১ নম্বর সতর্ক সংকেত জারি থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। সেন্টমার্টিন সার্ভিস ট্রলার সমবায় সমিতির সভাপতি আব্দুর রশিদ জানান, গত বৃহস্পতিবার থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত ট্রলার চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে এবং সতর্ক সংকেত কেটে গেলে পুনরায় ট্রলার চলাচল শুরু হবে।
নৌযান চলাচল বন্ধ থাকার কারণে দ্বীপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম। তিনি বলেন, দ্বীপে অনেক বাড়িঘর ইতোমধ্যে প্লাবিত হয়েছে। টেকনাফের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় কাঁচাবাজার ও নিত্যপণ্যের সরবরাহ বন্ধ রয়েছে।
সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, সাগর উত্তাল থাকায় জেলেরা মাছ ধরতে যেতে পারছেন না। নৌযান বন্ধ থাকায় দ্বীপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী জানান, টানা ভারী বৃষ্টির কারণে সেন্টমার্টিনে বঙ্গোপসাগরের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে এবং নিরাপত্তার স্বার্থে ট্রলার চলাচল বন্ধ রাখা হয়েছে। টানা ভারী বৃষ্টির কারণে সেন্টমার্টিনে বঙ্গোপসাগরের পানির উচ্চতা বেড়েছে। বৈরী আবহাওয়া ও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে এবং বাসিন্দাদের নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সময়ের আলো/জোই