ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষযাত্রা ইরাকের পবিত্র শহর নাজাফে শুরু হয়েছে। শেষযাত্রায় অংশ নিতে হাজারও শোকাহত মানুষ শহরের প্রধান সড়কগুলোতে ভিড় করেন।
ইরানের আধাসরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরান ও কোমে কয়েক দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠান শেষে বুধবার রাতে খামেনির মরদেহ ইরাকে পৌঁছায়।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের অনুরোধে নাজাফে আঞ্চলিক শেষকৃত্য অনুষ্ঠিত হচ্ছে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন বহনকারী গাড়িকে ঘিরে বিপুলসংখ্যক মানুষ নাজাফের রাস্তায় শোকযাত্রায় অংশ নিচ্ছেন। শোকযাত্রাটি ইমাম আলী (আ.)-এর পবিত্র মাজারের দিকে অগ্রসর হয়। মাজারে মরদেহের জানাজা ও দোয়ার সময় আবেগঘন পরিবেশের চিত্রও প্রকাশ পেয়েছে।
তবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও ও ছবি খামেনির শেষযাত্রার নামে প্রচার করা হলেও, সেগুলোর একটি অংশ পুরোনো বা বিভ্রান্তিকর বলে বিভিন্ন ফ্যাক্ট-চেক সংস্থা শনাক্ত করেছে।
ফ্যাক্ট-চেক সংস্থাগুলো বলছে, খামেনির জানাজা ঘিরে ভুয়া ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে সেসব শেয়ারের আগে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সময়ের আলো/মহু