ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের সিএন্ডবি বাজার এলাকায় এক বিকাশ কর্মীর হামলা করে ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৮ জুলাই) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, আশরাফুল নামের ওই বিকাশ কর্মী ঝালকাঠি শহরের জাবেদ টেলিকমের বিকাশ এজেন্ট পয়েন্ট থেকে ৫ লাখ টাকা নিয়ে পাশের কাউখালী উপজেলার একটি এজেন্ট পয়েন্টে যাচ্ছিলেন। পথে সিএন্ডবি বাজার এলাকায় পৌঁছালে পাঁচজনের একটি দল তাঁর পথরোধ করে।
এ সময় দুর্বৃত্তরা তাঁর চোখেমুখে গুল জাতীয় মাদকদ্রব্য ছিটিয়ে দেয়। পরে তাঁর সঙ্গে থাকা টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।
ঘটনার খবর পেয়ে জাবেদ টেলিকমের মালিক ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
জাবেদ টেলিকমের ম্যানেজার ওবায়দুর রহমান বলেন, ‘আমাদের কর্মী এজেন্ট পয়েন্টে টাকা পৌঁছে দিতে যাওয়ার সময় হামলার শিকার হন। হামলাকারীরা ৫ লাখ টাকাসহ ব্যাগটি ছিনিয়ে নিয়ে গেছে। আমরা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারের দাবি জানাচ্ছি।’
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
সময়ের আলো/এসএকে