চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাগিচাহাট থেকে আব্দুল বারী হাট সড়কটি চলাচলের একমাত্র ভরসাস্থল। দীর্ঘ ১ যুগেও সড়কটি মেরামত না করায় ভোগান্তির মাঝে পড়েছে প্রায় ১০ গ্রামের মানুষ। সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে।
দীর্ঘদিন ধরে সংস্কারহীন পড়ে থাকা এই সড়কটির বেহাল দশার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন অন্তত দুই লাখ মানুষ। সামান্য বৃষ্টি হলেই সড়কের পিচ-খোয়া উঠে গিয়ে তৈরি হচ্ছে বড় বড় খানাখন্দ, যা জমে থাকা কাদা-পানিতে একাকার হয়ে যায়। পানির নিচে লুকিয়ে থাকা এসব অদৃশ্য গর্তের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। উল্টে যাচ্ছে সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেল।
এলাকাবাসীর অভিযোগ, মাঝে মধ্যে প্রশাসনের পক্ষ থেকে কিছু ভাঙা ইট ফেলে জোড়াতালির 'দায়সারা' মেরামত করা হলেও তা কোনো কাজেই আসেনি। বরং ইটগুলো ঠিকমতো রোলিং না করায় এবং অল্প দিনেই সেগুলো সরে যাওয়ায় রাস্তাটি আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয়দের মতে, সড়কটি এখন বিশেষ করে বয়স্ক, গুরুতর অসুস্থ এবং গর্ভবতী নারীদের জন্য এক আতঙ্কের নাম। ভাঙাচোরা এবং ঝাঁকুনির এই রাস্তায় যাতায়াত করতে গিয়ে অনেক সময় প্রসূতি মায়েরা মাঝপথেই মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়েন। সড়কের এই কঙ্কালসার অবস্থার কারণে এই রুটে গণপরিবহন চলাচল অর্ধেকের চেয়েও কমে গেছে।
বাগিচাহাট সড়কের অটোরিকশা চালক খুরশেদ আলম আক্ষেপ করে বলেন, রাস্তার অবস্থা এতটাই খারাপ যে সপ্তাহে অন্তত দুইবার গাড়ি গ্যারেজে নিয়ে মেরামত করতে হয়। চাকা নষ্ট হয়, বডি ভেঙে যায়। বাধ্য হয়ে একটু বাড়তি ভাড়া চাইলে যাত্রীরা রাগ করেন। সব মিলিয়ে আমরা চালকেরা চরম আর্থিক লোকসানের মুখে পড়েছি।
এলাকাবাসী ও ভুক্তভোগী পথচারীরা আর কোনো 'জোড়াতালির সংস্কার' চান না। তারা অবিলম্বে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে সড়কটির স্থায়ী ও দ্রুত কার্পেটিংয়ের জোর দাবি জানিয়েছেন।
চন্দনাইশ উপজেলার প্রকৌশলী তন্ময় নাথ জানান, দীর্ঘদিন ধরে অচল থাকা সড়কগুলো মেরামতের জন্য উচ্চ মহলে চিঠি পাঠিয়েছি, বাজেট আসলে গ্রামীণ সড়ক গুলো মেরামতের উদ্যোগ নেওয়া হবে। এখন টানা বৃষ্টি পড়ছে, এখন মেরামত করা যাবে না।
সময়ের আলো/জেডি