রাজধানীর আগারগাঁওয়ের ৬০ ফিট সড়কে অবস্থিত ‘কলাপাতা’ নামের একটি রেস্টুরেন্টের পেছনের অংশে গ্যাস বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে আগুন পাশের একটি ভবনেও ছড়িয়ে পড়ে।
বুধবার (৮ জুলাই) রাত প্রায় ৯টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। টানা প্রায় ৩৫ মিনিটের চেষ্টার পর রাত ১০টা ২০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত ও প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।
সময়ের আলো/এসএকে