ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী গ্রামের বাসিন্দা মো. রাসেল আকন। চিকিৎসকদের মতে, দ্রুত ও নিয়মিত চিকিৎসা নিশ্চিত করা গেলে তার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তবে প্রয়োজনীয় অর্থের অভাবে বর্তমানে তার চিকিৎসা ব্যাহত হচ্ছে।
রাসেল আকন উপজেলার কাঠালতলী গ্রামের বাসিন্দা মো. জলিল আকনের ছেলে। তার চিকিৎসার জন্য কেমোথেরাপিসহ প্রয়োজনীয় বিভিন্ন চিকিৎসা দ্রুত সম্পন্ন করা জরুরি। পরিবারের সদস্যরা জানান, চিকিৎসার সম্পূর্ণ ব্যয় মেটাতে আনুমানিক ২৫ থেকে ৩০ লাখ টাকা প্রয়োজন, যা তাদের পক্ষে বহন করা সম্ভব নয়।
ইতোমধ্যে স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত মানবিক সহায়তার আবেদনের পর বিভিন্ন শুভানুধ্যায়ী প্রায় ৩০ হাজার টাকা অনুদান দিয়েছেন। এ ছাড়া ওই আবেদন ও ভিডিও দেখে পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের স্পেনপ্রবাসী গোলাম হাসিব এরশাদ মানবিক সহায়তা হিসেবে ১ লাখ টাকা প্রদান করেন।
বুধবার দুপুরে পাথরঘাটা মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে গোলাম হাসিব এরশাদের বড় বোন জাহান আফরোজ খাদিজার মাধ্যমে রাসেল আকনের পরিবারের হাতে ওই অর্থ তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ডা. বেল্লাল হোসেন জুয়েল, সাংবাদিক কাজী রাকিব, সুমন ইসলাম ও নাজমুল সৈকত।
রাসেলের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসা চালিয়ে যেতে আরও বড় অঙ্কের অর্থের প্রয়োজন। তাই সমাজের বিত্তবান ব্যক্তি, দানশীল প্রতিষ্ঠান এবং মানবিক হৃদয়ের মানুষের কাছে তারা আন্তরিক আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।
সহায়তা পাঠানোর মাধ্যম :
বিকাশ (পার্সোনাল) : ০১৯৪৫৩৯১৩৭৮
ডাচ-বাংলা ব্যাংক অ্যাকাউন্ট : মো. রাসেল আকন, ১১০১৫১০১০৮৭৩৫, ধানমন্ডি শাখা।
রাসেলের পরিবার জানিয়েছে, সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া পেলে প্রয়োজনীয় চিকিৎসায় তিনি আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন।
সময়ের আলো/এসএকে