পাবনার চাটমোহরে নাছের আলী (৪২) নামে ভ্যানচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ১১টায় উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারী কবরস্থান সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
নিহত নাছের আলী উপজেলার হরিপুর ইউনিয়নের আগাশোয়াইল টলটলিপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ভ্যানে যাত্রী নিয়ে ছাইকোলা এলাকায় গিয়েছিলেন নাছের আলী। সেখান থেকে চাটমোহরে ফেরার পথে বোয়াইলমারী কবরস্থানের পূর্ব পাশে দুর্বৃত্তরা তার গতিরোধ করে। একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত ও গলা কেটে গুরুতর জখম করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় নাছের আলী প্রাণ বাঁচাতে দৌড়ে পাশের বাড়ির দরজায় গিয়ে ধাক্কা দেন। পরে সেখানেই লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। স্থানীয়দের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত হওয়ার পর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। পরে স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ নাছের আলীর বলে নিশ্চিত করেন।
চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনাস্থল থেকে নিহতের অটোভ্যানটি জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
সময়ের আলো/মহু