প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দীর্ঘ আন্দোলন, রক্তঝরা সংগ্রাম এবং অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তাই সরকারের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বর্তমান সরকার দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় কাজ করছে। এ কারণে পরাজিত শক্তি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নানা ষড়যন্ত্র ও উসকানির চেষ্টা করতে পারে। এসব অপচেষ্টা মোকাবিলায় দলের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
রথযাত্রা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে নেতাকর্মীদের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতের দুর্গাপূজার মতো এবারও বিএনপি হিন্দু ধর্মাবলম্বীদের পাশে থাকবে। কোনো উসকানিদাতা যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, দেশের সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ এখন ঐক্যবদ্ধ। জনগণ বুঝতে পেরেছে, অতীতে কারা বিভাজন সৃষ্টির চেষ্টা করেছে। তাই অপশক্তি আর দেশের এই ঐক্য ভাঙতে পারবে না।
রিজভী বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড এবং খাল খননের মতো উদ্যোগ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে। তবে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালনের ওপর এসব কর্মসূচির সফলতা নির্ভর করছে।
তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল ফিডিং কর্মসূচি একটি মানবিক উদ্যোগ। তবে যেসব এলাকায় এ কর্মসূচির খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে, সেসব ঘটনায় দায়ী কর্মকর্তাদের জবাবদিহির আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।
এ সময় বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল ইসলাম এবং ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/কেএইচও