কয়েক দফা পিছিয়ে অবশেষে বৃহস্পতিবার (৯ জুলাই) ফল প্রকাশের কথা থাকলেও আবারও স্থগিত করা হয়েছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল। পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সকাল ১০টা কিংবা দুপুর ১২টার মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। তবে আগামী রোববার (১২ জুলাই) ফল প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা (সাধারণ প্রশাসন) মো. আব্দুর রেজ্জাক সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় সব ধরনের কারিগরি প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া শেষ না হওয়ায় নির্ধারিত দিনে ফল প্রকাশ করা সম্ভব হয়নি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য ব্যবস্থাপনা বিভাগ (আইএমডি) ফল প্রকাশসংক্রান্ত মূল কার্যক্রম পরিচালনা করছে। সফটওয়্যার ও কারিগরি দল বুধবার (৮ জুলাই) রাত পর্যন্ত ফল প্রক্রিয়াকরণের কাজ শেষ করলেও মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় ফল প্রকাশ স্থগিত রাখা হয়েছে। অনুমোদন মিললেই ফল প্রকাশের জন্য পোর্টাল উন্মুক্ত করা হবে। সংশ্লিষ্ট সূত্রের ধারণা, আগামী রোববার (১২ জুলাই) ফল প্রকাশ করা হতে পারে।
যেভাবে জানা যাবে ফল
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইন এবং মোবাইল ফোনের এসএমএস- উভয় মাধ্যমেই ফল জানতে পারবেন।
এসএমএসে ফল জানার নিয়ম
যেকোনো মোবাইল অপারেটর (টেলিটক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল বা বাংলালিংক) থেকে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে, DPE ‘স্পেস’, রোল নম্বর। এরপর বার্তাটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণ : কোনো শিক্ষার্থীর রোল নম্বর 123456 হলে লিখতে হবে `DPE 123456` এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে শিক্ষার্থীর নাম ও ফলাফল পাওয়া যাবে।
অনলাইনে ফল দেখবেন যেভাবে
এসএমএসের পাশাপাশি ইন্টারনেটের মাধ্যমেও বিস্তারিত ফলাফল দেখা যাবে। এ জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপেমিস ওয়েবসাইটে প্রবেশ করে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অপশন নির্বাচন করতে হবে।
এরপর শিক্ষার্থীর রোল নম্বর, জেলা এবং উপজেলার নাম সঠিকভাবে প্রদান করে ‘সাবমিট’ বা ‘ফল দেখুন’ বাটনে ক্লিক করলেই স্ক্রিনে মার্কশিটসহ ফলাফল দেখা যাবে।
সময়ের আলো/এসএকে