প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম।
বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বিশ্ব পরিবেশ দিবস ২০২৬’-এর জাতীয় অনুষ্ঠানমালার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান তার হাতে এ পদক তুলে দেন।
পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে অধ্যাপক ড. আবদুস সালাম ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ লাভ করেছেন। এ বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গত ৭ জুন ২০২৬ একটি প্রজ্ঞাপন জারি করে।
অধ্যাপক ড. আবদুস সালাম প্রায় ২৫ বছর ধরে পরিবেশ, বায়ুদূষণ ও প্রযুক্তি বিষয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। বায়ুদূষণ, অ্যাটমোস্ফেরিক সায়েন্স, জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য বিষয়ে আন্তর্জাতিক মানের গবেষণা পরিচালনার মাধ্যমে তিনি বাংলাদেশের বায়ুর মানোন্নয়ন, দূষণের উৎস শনাক্তকরণ এবং এ-সংক্রান্ত প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
তার অসংখ্য গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশের খ্যাতিমান জার্নালে প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি দেশ-বিদেশে অসংখ্য সম্মেলন ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন এবং ১৫০টিরও বেশি থিসিস তত্ত্বাবধান করেছেন।
জাতীয় পরিবেশ পদক লাভ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
পরিবেশ সংরক্ষণ, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার এবং পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর তিন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানকে ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ প্রদান করা হয়েছে।
সময়ের আলো/আরবিএন