পরিবেশ সংরক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠানকে 'জাতীয় পরিবেশ পদক ২০২৫' প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে এই সম্মাননা পদক তুলে দেন।
পরিবেশ পদক-২০২৫ পাওয়া ব্যক্তিরা হলেন, পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরিতে আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হাসমত আলী, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে মো. মনির হোসেন এবং পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রো-ভাইস চ্যান্সেলর এবং অধ্যাপক প্রফেসর ড. আব্দুস সালাম পদক পেয়েছেন।
এ ছাড়া পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরিতে ক্লাসিকাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট পরিবেশ পদক পেয়েছে।
সময়ের আলো/ইউএমএইচ