রাশিয়ায় চাকরির ফাঁদ : জোর করে যুদ্ধে পাঠানো ৪ বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাশিয়ায় চাকরির চুক্তিতে পাঠানো ৩০ বাংলাদেশি কর্মীকে জোরপূর্বক যুদ্ধে নেওয়া হয়েছে। তাদের মধ্যে চারজন নিহত হয়েছেন। বাকি কর্মীদের দেশে ফিরিয়ে

2026-07-09T19:37:52+00:00
2026-07-09T19:37:52+00:00
 
  বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬,
২৫ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
জাতীয়
রাশিয়ায় চাকরির ফাঁদ : জোর করে যুদ্ধে পাঠানো ৪ বাংলাদেশির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৭:৩৭ পিএম 
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি : সংগৃহীত
রাশিয়ায় চাকরির চুক্তিতে পাঠানো ৩০ বাংলাদেশি কর্মীকে জোরপূর্বক যুদ্ধে নেওয়া হয়েছে। তাদের মধ্যে চারজন নিহত হয়েছেন। বাকি কর্মীদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজীব প্রধানের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, গত ২৪ এপ্রিল তিনটি রিক্রুটিং এজেন্সি (আরএল নম্বর ১৪৫৫, ১৪২৮ ও ২৫০৫) জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স নিয়ে ৩০ জন বাংলাদেশি কর্মীকে রাশিয়ায় পাঠায়।

তিনি জানান, রাশিয়ায় পৌঁছানোর পর ওই কর্মীদের জোরপূর্বক যুদ্ধের জন্য প্রস্তুত করা হচ্ছে এবং ক্যাম্প থেকে যুদ্ধক্ষেত্রে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে—এমন তথ্য পাওয়ার পর সরকার ব্যবস্থা নেয়। এর পরিপ্রেক্ষিতে গত ১৫ জুন রাশিয়ার মস্কোয় বাংলাদেশ দূতাবাসকে বিপদগ্রস্ত বাংলাদেশি কর্মীদের উদ্ধার করে দেশে ফেরানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি পাঠানো হয়।

আরিফুল হক চৌধুরী বলেন, সর্বশেষ প্রাপ্ত তথ্যে ৩০ জনের মধ্যে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে বাকি কর্মীদের দেশে ফিরিয়ে আনার আশা করছে সরকার।

মন্ত্রী জানান, চলতি বছরের এপ্রিল মাসে উচ্চ বেতনের চাকরির আশ্বাসে ৩০ জন বাংলাদেশি যুবক রাশিয়ায় যান। পরে তাদের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, চাকরিতে যোগ দেওয়ার পরিবর্তে তাদের সামরিক প্রশিক্ষণ দিয়ে ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইনে পাঠানোর প্রস্তুতি চলছে। বিষয়টি প্রকাশ্যে এলে সরকার তদন্ত শুরু করে এবং কূটনৈতিক তৎপরতা জোরদার করে।


তিনি বলেন, এ ঘটনায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমও বাংলাদেশি কর্মীদের চাকরির প্রলোভন দেখিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানোর অভিযোগ তুলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে।

সংসদে মন্ত্রী আরও জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ইরান থেকে ১২ নারী ও ৮ শিশুসহ মোট ১৮৬ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এছাড়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও যুদ্ধপরিস্থিতিতে বিভিন্ন দেশ থেকে প্রবাসী কর্মীদের বিভিন্ন সময়ে দেশে ফেরানো হয়েছে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ১২ জন বাংলাদেশি মারা গেছেন। এর মধ্যে একজনের মরদেহ সংশ্লিষ্ট দেশেই দাফন করা হয়েছে। ইতোমধ্যে নয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। তাদের পরিবারের অনুকূলে দাফনের জন্য বিমানবন্দর থেকে ৩৫ হাজার টাকা এবং যুদ্ধে নিহত হওয়ায় মন্ত্রীর নির্দেশনায় বিশেষ অনুদান হিসেবে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। নিহতদের মধ্যে লেবাননে পাঁচজন, সৌদি আরবে তিনজন, সংযুক্ত আরব আমিরাতে দুজন, ইরাকে একজন এবং বাহরাইনে একজন মারা গেছেন।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, বিমানবন্দর থেকে অসুস্থ ও মৃত কর্মী পরিবহনের জন্য ঢাকা ও সিলেট বিমানবন্দরে দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অ্যাম্বুলেন্স যুক্ত করা হয়েছে। এছাড়া ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরও দুটি অ্যাম্বুলেন্স রয়েছে।

তিনি আরও জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের লাগেজ বহনের সুবিধার্থে ২০০টি ট্রলি কেনার প্রক্রিয়া চলছে। আহত ও অসুস্থ প্রবাসী কর্মীদের বিমানে ওঠানামার সুবিধার্থে সেখানে ১০টি হুইলচেয়ার দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জ স্থাপন, ৩০ শতাংশ ছাড়ে স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা এবং প্রাথমিক চিকিৎসাসেবার জন্য মেডিকেল কর্নার স্থাপনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী  আরিফুল হক চৌধুরী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: