টেস্টের পর ওয়ানডেতেও হতাশা কাটাতে পারল না বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৩ রানে হেরে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই খুইয়েছে মেহেদী হাসান মিরাজের দল।
বৃহস্পতিবার আগে ব্যাট করে ৬ উইকেটে ২৪৭ রান তোলে জিম্বাবুয়ে। জবাবে বাংলাদেশ ২৩৪ রানে অলআউট হয়।
প্রথম ওয়ানডেতে ১৪২ রানের লক্ষ্যও ছুঁতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ে আরও বড় সংগ্রহ গড়লেও ব্যাটিং ব্যর্থতার পুরোনো সমস্যা থেকে বের হতে পারেনি সফরকারীরা। ফলে টানা দ্বিতীয় ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া হয়।
অধিনায়ক মেহেদী হাসান মিরাজ শেষ পর্যন্ত উইকেটে থাকলেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি। তিনি ৩৩ বলে ২৭ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন।
বাংলাদেশের হয়ে তাওহীদ হৃদয় ৯০ বলে সর্বোচ্চ ৬০ এবং তানজিদ হাসান তামিম ৭০ বলে ৫৭ রান করেন। তৃতীয় উইকেটে তারা ৮৪ রানের জুটি গড়েন। পরে হৃদয় ও নুরুল হাসান সোহান চতুর্থ উইকেটে যোগ করেন ৪৭ রান। এছাড়া মোসাদ্দেক হোসেন ৭, সৌম্য সরকার ৫ এবং নাজমুল হোসেন শান্ত ৯ রান করেন।
জিম্বাবুয়ের হয়ে ওপেনার কারেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেন। তিনি ১৩৫ বলে ১১১ রানে অপরাজিত থাকেন। সিকান্দার রাজার সঙ্গে পঞ্চম উইকেটে ৬৮ রানের জুটি গড়েন। রাজা ৫৩ বলে ৩৩ রান করেন।
শেষদিকে ব্র্যাড ইভানসকে নিয়ে অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন কারেন। দুজনে সপ্তম উইকেটে ১৩ ওভারে ৯৯ রান যোগ করেন। ইভানস ৩৮ বলে ৫ ছক্কা ও ২ চারে ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি তুলে নিয়ে ৫৮ রানে অপরাজিত থাকেন।
সময়ের আলো/আরবিএন