আগামী ১৩ জুলাই বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরকে ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রশাসনিক ও সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন করেছে বরিশালের বিভাগীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রীর বরিশাল সফর সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টায় বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।
বিভাগীয় কমিশনার জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৩ জুলাই সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হবেন। সফরকালে তিনি গৌরনদী ও বরিশাল সদরে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর এই আগমনকে আনন্দমুখর ও নির্বিঘ্ন করতে শতভাগ প্রস্তুতি নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা ও সর্বসাধারণের সহযোগিতা আহ্বান করেন।
সভা সূত্রে জানা গেছে, আগামী ১৩ জুলাই সকাল সাড়ে ৬টায় ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় তিনি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাশে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশ নেবেন।
এরপর সকাল সাড়ে ১১টায় বরিশাল নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন এলাকায় আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচীতে যোগ দেবেন তিনি। কর্মসূচির শেষাংশে তিনি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত একটি সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, জেলা প্রশাসক মামুন খন্দকার, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার এবং জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন সভায় বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে বরণ করতে বিএনপি ও অঙ্গসংগঠন মাঠ পর্যায়ে সব প্রস্তুতি শেষ করেছে। আমরা বরিশালবাসী তাকে স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত।”
সময়ের আলো/জেডি