ময়মনসিংহে আর অপরিকল্পিত নগরায়ণ হবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। তিনি বলেন, আর অপরিকল্পিত নগরী তৈরি হবে না। ইতোমধ্যে উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে মাস্টারপ্ল্যান তৈরির সভা হয়েছে, আমরা কাজ শুরু করেছি। এই মাস্টারপ্ল্যান অনুযায়ী নগরীর প্রত্যেকটি ড্রেনেজ সিস্টেম, খাল খনন এবং ভবন নির্মাণ মাস্টারপ্ল্যানের আওতায় থাকবে। এর মধ্যদিয়ে আমরা ময়মনসিংহকে একটি অত্যাধুনিক নগরী হিসাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছি।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকাল ৩টার দিকে ময়মনসিংহ নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় ঘরের মেঝেতে সৃষ্ট জলাবদ্ধতার পানিতে পড়ে ৮ মাস বয়সি শিশু আয়াসের মৃত্যুর ঘটনায় পরিবারের সঙ্গে স্বাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় শিশু আয়াসের মৃত্যুর ঘটনাটি দুঃখজনক এবং মর্মান্তিক উল্লেখ করে মউক চেয়ারম্যান বলেন, আমাদের সবচেয়ে প্রিয় জিনিস সন্তান। সেই সন্তান যদি ঘরের মেঝের জলাবদ্ধতায় ডুবে মারা যায়, এর চেয়ে বড় দুঃখজনক ঘটনা আর কী হতে পারে? এজন্য আমরা পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানাতে এসেছি। আমরা এই পরিবারটির পাশে থাকব এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সাহায্য অব্যাহত রাখব। কোনো বিষয়ে জনগণের যেন দুর্ভোগ না হয়, সেদিকে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে।
অপরিকল্পিত নগরায়ণের জন্য আওয়ামী সরকারের সমালোচনা করে মোতাহার তালুকদার আরো বলেন, বিগত ১৭ বছরে যারা এই সিটি করপোরেশনের দায়িত্বে ছিল, তারা মাস্টারপ্ল্যানের কোনো উদ্যোগ নেয় নাই। তারা লোক দেখানো উন্নয়ন দেখিয়েছে।
কিন্তু বাস্তবে ড্রেনেজ সিস্টেম ও খাল খনন, এসব কাজে তারা হাত দেয় নাই। তারা ড্রেন বা খালের গভীরতা তৈরি করে নাই। এ কারণে সামান্য বৃষ্টি হলে ময়মনসিংহ শহর পানিতে ভেসে যায়। শিশু আয়াসের মৃত্যুর ঘটনাটি এর জ্বলন্ত দৃষ্টান্ত।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, সিনিয়র সহসভাপতি রুহুল আমিন, বিএনপি নেতা হাবিবুল্লাহ ডালিম, বাহার উদ্দিন, কৃষকদল নেতা হীরা, যুবদল নেতা, আরমান, মামুনসহ শিশু আয়াসের পরিবারের সদস্যরা।
এর আগে বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় ভারি বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ঘরের মেঝেতে পানিতে পড়ে মারা যায় ৮ মাস বয়সি শিশু আয়াস। এ ঘটনায় জনমনে মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হলে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়।
সময়ের আলো/জেডি