আগামী দুই বছরের জন্য আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি। বুধবার রাতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণের ৮ নম্বর ফ্লোরে নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান সদ্য বিদায়ি সভাপতি মিশা সওদাগর। এর মাধ্যমে নতুন কার্যনির্বাহী পরিষদ ২০২৬-২৮ মেয়াদের জন্য দায়িত্বপ্রাপ্ত হয়।
দায়িত্ব গ্রহণের পর শিবা সানু জানান যে নির্বাচন পরবর্তী সময়ে তারা সবাই এখন ঐক্যবদ্ধ। তিনি সবাইকে সঙ্গে নিয়ে শিল্পী সমিতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান। বিজয়ী ও বিজিত সব শিল্পীর সমন্বয়ে সমিতির মর্যাদা ও পেশাদারিত্বের উন্নয়ন ঘটানোই তাদের মূল লক্ষ্য।
এছাড়া যারা নির্বাচনে জয়লাভ করতে পারেননি তাদের নিয়ে বিভিন্ন উপকমিটি গঠন করার পরিকল্পনা রয়েছে যাতে সমিতির সামগ্রিক উৎকর্ষ সাধিত হয়। শিল্পীদের সম্মান রক্ষায় সব ধরনের ভেদাভেদ ভুলে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নতুন সভাপতি। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
এর আগে গত ৩ জুলাই অত্যন্ত উৎসবমুখর পরিবেশে বিএফডিসি প্রাঙ্গণে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হয় শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ। এরপর রাতভর ভোট গণনা শেষে ৪ জুলাই ভোরে প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি পদে ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অভিনেতা শিবা সানু। সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জয় চৌধুরী। এ ছাড়া সহ-সভাপতি পদে ইলিয়াস কোবরা ও ডি এ তায়েব, সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে পারভেজ চৌধুরী আবির, দফতর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- আলীরাজ, কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা ও সুশান্ত।
সময়ের আলো/আআ