আলোচনা-সমালোচনায় ‘টক্সিক’

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

মুক্তির আগেই আলোচনা-সমালোচনায় কন্নড় সুপারস্টার যশের নতুন সিনেমা ‘টক্সিক’। শুরু থেকেই সিনেমাটি ঘিরে দর্শকদের যেমন আগ্রহ রয়েছে, তেমনই আছে অভিযোগ।

2026-07-10T03:06:08+00:00
2026-07-10T03:06:08+00:00
 
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
আনন্দ সময়
আলোচনা-সমালোচনায় ‘টক্সিক’
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৩:০৬ এএম 
ছবি : সংগৃহীত
মুক্তির আগেই আলোচনা-সমালোচনায় কন্নড় সুপারস্টার যশের নতুন সিনেমা ‘টক্সিক’। শুরু থেকেই সিনেমাটি ঘিরে দর্শকদের যেমন আগ্রহ রয়েছে, তেমনই আছে অভিযোগ। প্রথম ঝলক প্রকাশের পর ‘নারীবিদ্বেষী’ উপস্থাপনার অভিযোগে বিতর্কের মুখে পড়েছিল সিনেমাটি। এবার সিনেমার প্রথম গান ‘টাবাহি’ নিয়ে সমালোচনায় পড়েছেন নির্মাতারা।

সম্প্রতি প্রকাশিত গানটিতে প্রথমবারের মতো একসঙ্গে পর্দা ভাগ করেছেন যশ ও কিয়ারা আদভানি। চার মিনিটেরও বেশি সময়ের ভিডিওজুড়ে দুজনের আবেগঘন ও অন্তরঙ্গ রসায়নই মূল আকর্ষণ। প্রেম, আকর্ষণ এবং নিষিদ্ধ সম্পর্কের আবহে নির্মিত এই গান একদিকে দর্শকদের মুগ্ধ করেছে, অন্যদিকে সাহসী দৃশ্যের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনারও জন্ম দিয়েছে।

গানটি প্রকাশের পর থেকেই এক্স, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ বিভিন্ন সামাজিকমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেক দর্শক যশ ও কিয়ারার অনস্ক্রিন রসায়ন, চিত্রায়ণ এবং আবেগঘন পরিবেশনার প্রশংসা করেছেন। তাদের মতে, সিনেমার কেন্দ্রীয় প্রেমের সম্পর্ককে রহস্যময় ও তীব্র আবেগের সঙ্গে তুলে ধরতে সক্ষম হয়েছে ‘টাবাহি’।

তবে সমালোচকদের বক্তব্য ভিন্ন। তাদের অভিযোগ, একটি অ্যাকশন-গ্যাংস্টারধর্মী সিনেমার প্রথম গান হিসেবে এত বেশি অন্তরঙ্গ দৃশ্য অপ্রয়োজনীয়। অনেকেই মনে করছেন, গানটি সিনেমার গল্প বা চরিত্রের চেয়ে শারীরিক ঘনিষ্ঠতাই বেশি গুরুত্ব দিয়েছে। কেউ কেউ মন্তব্য করেছেন, সিনেমার নাম ‘টক্সিক’ হওয়ায় বিতর্ক তৈরি করেই প্রচারের কৌশল নেওয়া হয়েছে। আবার সামাজিকমাধ্যমে কয়েকজন দর্শক ভিডিওটিকে ‘ইরোটিক’ আবহের বলে উল্লেখ করেছেন এবং প্রশ্ন তুলেছেন সিনেমার কাহিনির কোনো ইঙ্গিত না দিয়ে কেন শুধুই রোমান্টিক ও ঘনিষ্ঠ মুহূর্ত তুলে ধরা হয়েছে।

তবে সমালোচনার মধ্যেও কিয়ারা আদভানির পর্দা উপস্থিতি, স্টাইলিং এবং অভিনয়ের প্রশংসা করেছেন বহু দর্শক। একই সঙ্গে যশের সংযত অভিনয় ও দুই তারকার রসায়নকেও সিনেমার অন্যতম বড় আকর্ষণ হিসেবে দেখছেন অনুরাগীরা।
‘টাবাহি’ গানটির সুর ও কণ্ঠ দিয়েছেন বিশাল মিশ্র। হিন্দি সংস্করণের কথা লিখেছেন রাজ শেখর। পাশাপাশি গানটি কন্নড়, তেলুগু, তামিল ও মালয়ালম ভাষায়ও একযোগে প্রকাশ করা হয়েছে। বহুভাষিক এই আয়োজনের মাধ্যমে সিনেমার প্যান-ইন্ডিয়া বাজারকে লক্ষ্য করেছে নির্মাতা প্রতিষ্ঠান।

সিনেমাটি পরিচালনা করেছেন গীতু মোহনদাস। যশ, কিয়ারা আদভানি ছাড়াও অভিনয় করেছেন নয়নতারা, তারা সুতারিয়া, রুক্মিনী বসন্ত ও হুমা কুরেশি। ‘টক্সিক : আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ আগামী ২৬ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা। 

সময়ের আলো/আআ


  বিষয়:   আলোচনা  সমালোচনা  ‘টক্সিক’  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: