নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটের শিকার হয়ে মারা যাওয়া বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগমের (৭০) মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে র্যাব-১১। তবে তাৎক্ষণিকভাবে গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ববি বেগমের ওপর হামলা ও লুটের ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
জানা যায়, গত ৪ জুলাই গভীর রাতে মেথিকান্দা রেলস্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে ঢুকে দুর্বৃত্তরা ববি বেগমের ওপর হামলা চালায়। এ সময় তাকে মারধর করে তার দীর্ঘদিনের সঞ্চিত প্রায় ৪০ হাজার টাকা লুট করে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরে স্টেশনের কর্মীরা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আবার স্টেশনে ফিরিয়ে আনা হয়। পরবর্তীতে ৭ জুলাই রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পুনরায় রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হলেও হাসপাতালে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।
স্থানীয়দের ভাষ্যমতে, প্রায় দুই যুগ আগে একটি ট্রেন থেকে মেথিকান্দা রেলস্টেশনে নেমে সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন বাকপ্রতিবন্ধী ববি বেগম। দীর্ঘদিন ধরে তিনি বিনা বেতনে স্টেশনের প্ল্যাটফর্ম ও শৌচাগার পরিষ্কারসহ বিভিন্ন পরিচ্ছন্নতার কাজ করে আসছিলেন। মানবিক বিবেচনায় স্টেশন কর্তৃপক্ষ তাকে একটি পরিত্যক্ত কক্ষে থাকার ব্যবস্থা করে দিয়েছিল।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ছয়জনকে গ্রেফতারের মধ্য দিয়ে আলোচিত এ হত্যাকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সময়ের আলো/জোই