চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যার পানিতে ডুবে পৃথক ঘটনায় এক কিশোরীসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) উপজেলার সরল ও বাহারছড়া ইউনিয়নে এসব দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার সরল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম জালিয়াঘাটা এলাকায় বন্যার পানিতে তলিয়ে যাওয়া একটি রাস্তা দিয়ে হাঁটার সময় পা পিছলে পানিতে পড়ে নিখোঁজ হয় মোছাম্মৎ তাহিন নুর (১২)। সে পশ্চিম জালিয়াঘাটা গ্রামের আব্দুল করিমের মেয়ে।
স্থানীয় লোকজন দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে বিকেল ৪টা ২৫ মিনিটে বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেয়। খবর পেয়ে স্টেশন অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। পরে কিশোরীর মরদেহ উদ্ধার করে স্থানীয় জনপ্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়।
অন্যদিকে, একই দিন সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ইলশা এলাকার মফজল আহমদের নতুন বাড়ির সামনে ছড়ার পানিতে ডুবে মারা যায় মো. আশিক (১১) নামে এক শিশু।
জানা যায়, প্রবাসী কামাল উদ্দিনের ছেলে আশিক বাড়ির সামনের রাস্তার উত্তর পাশে বশির উল্লাহ মিয়াজী বাজার সড়কসংলগ্ন ছড়ার পানিতে পড়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় মোশাররফ আলী মিয়ার বাজার উপকূলীয় জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আশিক সাঁতার জানত না। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে একই ইউনিয়নে পানিতে তলিয়ে গিয়ে মো. মিরাজ (৬) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মিরাজ বাহারছড়া ইউনিয়নের পশ্চিম রত্নপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
সময়ের আলো/আরবিএন