চলচ্চিত্র জগতের তারকা অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। অভিনয় থেকে অনেকটা দূরে থাকলেও কোটি দর্শকের হৃদয়জুড়ে রয়েছেন তিনি। আজ তার জন্মদিন। বরাবরের মতো এবারও দিনটি নিয়ে নেই কোনো বড় আয়োজন। বিশেষ দিন ও সমসাময়িক নানা প্রসঙ্গ নিয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসুদুর রহমান
দৈনিক সময়ের আলোর পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা। বিশেষ দিনটি নিয়ে কোনো পরিকল্পনা আছে কি?
দৈনিক সময়ের আলো পরিবারকেও ধন্যবাদ। জন্মদিন নিয়ে এখন পর্যন্ত (গতকাল বিকাল) কোনো পরিকল্পনা নেই। ঠিক বলতে পারছি না কীভাবে কাটবে সারাদিন। আসলে ঘটা করে বড় আয়োজনে জন্মদিন উদযাপন করা হয় না আমার। বরাবরের মতো এবারও পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি কেটে যাবে।
সাধারণত কোন তরফ থেকে আগে শুভেচ্ছা বার্তা পান। ভক্ত-অনুরাগী, পরিবার-স্বজন না বন্ধুমহল?
পরিবারের পক্ষ থেকেই আগে শুভেচ্ছা পাই। আমার মেয়েই প্রথম শুভেচ্ছা জানায়। এ ছাড়া আত্মীয়স্বজন, সকহর্মী, বন্ধুমহলসহ অসংখ্য মানুষ শুভেচ্ছা বার্তায় তাদের ভালোবাসা প্রকাশ করেন। ১১ জুলাই জন্মদিন হলেও শুভেচ্ছা পাচ্ছি দুদিন আগে থেকে। যেন দুদিন আগেই শুরু হয়েছে আমার জন্মদিন। এটা নতুন নয়, প্রতিবারই দুদিন আগে থেকে আমার জন্মদিন শুরু হয়ে যায়। সবার এই অকৃত্রিম ভালোবাসা আমাকে মুগ্ধ করে। ভীষণ আনন্দ অনুভব করি।
এই দিনটিতে বিশেষ কাউকে মনে পড়ে কি?
অবশ্যই মনে পড়ে বাবা-মাকে। যাদের জন্যই এই সুন্দর পৃথিবীতে আমার আগমন। বেশি মনে পড়ে মাকে। মায়ের আগ্রহ, সমর্থন, ভালোবাসা, পরিশ্রম আমাকে আজকের পূর্ণিমা হতে সহায়তা করেছে। মা চেয়েছেন আমি প্রতিষ্ঠিত হই। মায়ের দোয়া নিয়েই এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি আমি।
ব্যক্তিজীবনের পাশাপাশি ক্যারিয়ারের দীর্ঘ সময় পার করেছেন। এ নিয়ে আপনার উপলব্ধি কী?
উত্থান-পতন, প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়েই প্রতিটি মানুষের জীবন। হিসাবের খাতায় আমার প্রাপ্তিটাই বেশি, যা চেয়েছি আল্লাহ তায়ালা আমাকে তার চেয়ে বেশিই দিয়েছেন। এতে আমি অত্যন্ত খুশি। এই সৌভাগ্য সবার হয় না। সম্মানের সঙ্গে ক্যারিয়ারের দীর্ঘ একটা সময় পার করে এসেছি। সবার অফুরন্ত ভালোবাসা নিয়ে বেঁচে আছি, ভালো আছি। এক জীবনে এটাই বড় সার্থকতা।
অভিনয়ে কি নিয়মিত হবেন না?
আসলে আগের মতো নিয়মিত অভিনয় করাটা কঠিন। তবে মানসম্মত গল্প, পছন্দমতো চরিত্র, ভালো নির্মাতা, ভালো টিম হলে অবশ্যই অভিনয় করব।
‘গাঙচিল’ ও ‘জ্যাম’ সিনেমা দুটির খবর কী?
সিনেমা দুটির কোনো খবর আমার কাছে আপাতত নেই। পরিচালক সব বলতে পারবেন।
সময়ের আলো/প্রিন্ট/কেএইচও