ইরানের প্রধান আলোচক ও দেশটির পার্লামেন্টের (সংসদ) স্পিকার মোহাম্মদ গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত কখনোই তেহরানের আত্মসমর্পণের মধ্য দিয়ে শেষ হবে না। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি সমঝোতা স্মারক (এমওইউ) থেকে সরে আসে, তাহলে ইরান সর্বাত্মক প্রতিরক্ষার জন্য প্রস্তুত রয়েছে।
গালিবাফ বলেন, যেকোনো মুহূর্তে আমেরিকানরা এই সমঝোতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে আমরা সর্বাত্মক প্রতিরক্ষার জন্য প্রস্তুত। তাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াব এবং ইরানি জনগণের অধিকার রক্ষা করব।
তিনি আরও বলেন, যুদ্ধের অবসান বিশ্বের দেশগুলোর জন্য অগ্রাধিকার হওয়া উচিত। তবে সবার জানা প্রয়োজন, এই সংঘাত কখনোই ইরানের আত্মসমর্পণের মাধ্যমে শেষ হবে না।
মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তাদের ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানো উচিত।
এদিকে আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে হরমুজ প্রণালীর বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করতে শনিবার ওমান সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য নিশ্চিত করেছে।
সময়ের আলো/আরবিএন