লক্ষ্মীপুরের কমলনগরে ফজুমিয়ার হাটে একঝাঁক খুদে ফুটবলারকে নিয়ে নীরবে এক বিপ্লব ঘটিয়ে চলছেন তরুণ ক্রীড়াবিদ তানভির হাচান রবিন পণ্ডিত। কোনো আর্থিক লাভ বা সরকারি অনুদান ছাড়াই, সম্পূর্ণ নিজের উদ্যোগে এবং নিজের খরচে বিগত ৯ মাস ধরে 'ভ্যানগার্ডস স্পোর্টিং ক্লাব'-এর ৭৪ জন খুদে ফুটবলারকে নিয়মিত ফ্রি কোচিং (প্রশিক্ষণ) করিয়ে যাচ্ছেন তিনি।
জানা গেছে, ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি দারুণ অনুরাগী রবিন। তিনি কমলনগর উপজেলা ও লক্ষ্মীপুর জেলা ছাড়িয়ে বাইরের জেলাগুলোতেও একজন দক্ষ ও জনপ্রিয় গোলকিপার হিসেবে ফুটবল খেলে আসছেন। ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও অলরাউন্ডার হিসেবে মাঠে তার সমান সুনাম রয়েছে। ক্রীড়াঙ্গনের প্রতি এই গভীর ভালোবাসা থেকেই তিনি এলাকার শিশুদের মাঠমুখী করার উদ্যোগ নেন।
বর্তমানে ভ্যানগার্ডস স্পোর্টিং ক্লাবের মোট ৭৪ জন খুদে খেলোয়াড়কে দুটি গ্রুপে ভাগ করে প্রশিক্ষণ দিচ্ছেন কোচ রবিন। এর মধ্যে ১০ থেকে ১৪ বছর বয়সী ৪৪ জন রয়েছে এক গ্রুপে এবং ১৫ থেকে ১৮ বছর বয়সী ৩০ জন রয়েছে অন্য গ্রুপে। সপ্তাহের নির্ধারিত দিনগুলোতে দুই গ্রুপকে আলাদাভাবে ফুটবলের নানা কৌশল ও নিয়মকানুন শেখাচ্ছেন তিনি।
নিজের এই মহৎ উদ্যোগের বিষয়ে কোচ তানভির হাচান রবিন পণ্ডিত বলেন, আমি সম্পূর্ণ নিজের উদ্যোগে এই খুদে ফুটবলারদের প্রশিক্ষণ দিচ্ছি। আমার একটাই লক্ষ্য ও স্বপ্ন এদের মাঝ থেকে একদিন ভালো মানের খেলোয়াড় তৈরি হবে, যারা দেশের সুনাম কুড়াবে। আমি বিশ্বাস করি, সঠিক গাইডলাইন পেলে এখান থেকেই একদিন কেউ না কেউ বিকেএসপিতে খেলার সুযোগ পাবে।
রবিনের এই নিঃস্বার্থ প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার ক্রীড়ামোদীরা। স্থানীয় ফুটবলপ্রেমী মো. ধনু মিয়া বলেন, রবিন যেভাবে কোনো টাকা-পয়সা ছাড়া নিজের শ্রম ও অর্থ দিয়ে এই বাচ্চাদের পেছনে খাটছে, তা সত্যিই প্রশংসনীয়। আমি দোয়া করি আল্লাহ যেন তার মনের আশা পূরণ করেন। ছোটবেলা থেকে এই সন্তানদেরকে যেভাবে গড়ে তোলা হবে, ভবিষ্যতে তারা সেইভাবেই দেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার একেকটি শক্ত পিলার হবে, ইনশাআল্লাহ।
এলাকার সচেতন মহল মনে করছেন, রবিনের মতো যুবকদের এমন উদ্যোগ দেশের ফুটবলকে তৃণমূল পর্যায় থেকে পুনরুজ্জীবিত করতে দারুণ ভূমিকা রাখবে।
সময়ের আলো/জোই