আকাশজুড়ে কালো মেঘের ঘনঘটা। কখনো টিপটিপ, আবার কখনো মুষলধারে বৃষ্টিতে ভিজছে চারপাশ। এমন বাদলা দিনে জানালার পাশে বসে কফির কাপে চুমুক দিতে দিতে হঠাৎ করেই কি আপনার মন খারাপ হয়ে যায়? মনে হয়, কোনো কিছুই যেন ভালো লাগছে না? অথচ বৃষ্টির দিকে নজর যাওয়ার ঠিক আগের মুহূর্তেও হয়তো আপনি ছিলেন দারুণ চনমনে ও তরতাজা।
মুহূর্তের মধ্যে মনের এই পরিবর্তন কেন হয়? সত্যি কি বৃষ্টির সঙ্গে অবসাদের কোনো বৈজ্ঞানিক সম্পর্ক রয়েছে? এই সমস্যা থেকে রেহাই পাওয়ার উপায়ই বা কী? চলুন জেনে নেওয়া যাক বিশেষজ্ঞরা কী বলছেন।
বৃষ্টির দিনে মন খারাপ হওয়ার কারণ কী?
বিশেষজ্ঞদের মতে, আবহাওয়ার সাথে মানুষের মানসিক পরিস্থিতির এক গভীর সম্পর্ক রয়েছে। রৌদ্রোজ্জ্বল দিন মানুষের মনে যেমন ইতিবাচক শক্তি ও কর্মোদ্দীপনা জোগায়, ঠিক তেমনি মেঘলা বা বাদলা দিন মনের ওপর এক ধরনের নেতিবাচক প্রভাব ফেলে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় SAD (Seasonal Affective Disorder) বা ঋতুভিত্তিক মানসিক অবসাদ।
এর পেছনে মূলত ৩টি প্রধান কারণ কাজ করে
হরমোনের তারতম্য : পর্যাপ্ত সূর্যালোকের অভাবে আমাদের শরীরে ‘সেরোটোনিন’ (যা মন ভালো রাখতে সাহায্য করে) হরমোনের নিঃসরণ কমে যায়। অন্যদিকে, ঘুমের হরমোন ‘মেলাটোনিন’-এর নিঃসরণ বেড়ে যায়। ফলে শরীরে অলসতা, ক্লান্তি ও অবসাদ ভর করে।
একঘেয়েমি ও অবরুদ্ধ দশা : বৃষ্টির কারণে বাইরে বের হওয়া যায় না, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া বা স্বাভাবিক কাজে বিঘ্ন ঘটে। সারাদিন ঘরে বন্দি থাকার এই একঘেয়েমি থেকেও এক ধরনের বিরক্তি ও বিষণ্নতা তৈরি হয়।
অবচেতন মনের আশঙ্কা : কেউ কেউ অবচেতনে বৃষ্টির শব্দ বা মেঘলা আকাশ দেখে নানা নেতিবাচক বিষয় নিয়ে অতিরিক্ত আত্মবিশ্লেষণ শুরু করেন। কেউ আবার বন্যা, জলাবদ্ধতা বা কোনো প্রাকৃতিক দুর্যোগের কথা ভেবে অহেতুক আতঙ্কে ভোগেন।
মেঘলা দিনের অবসাদ দূর করার ৪টি উপায়
বৃষ্টির দিনের এই সাময়িক মন খারাপকে প্রশ্রয় দিলে তা বড় ধরনের বিষণ্নতায় রূপ নিতে পারে। তাই মনকে চনমনে রাখতে অবলম্বন করতে পারেন এই ৪টি সহজ উপায়-
১. ঘর আলোকিত রাখুন : বাইরে মেঘলা আবহাওয়া থাকলে ঘরের ভেতর পর্যাপ্ত ও উজ্জ্বল আলো জ্বেলে রাখুন। ঘরের পরিবেশ যত বেশি আলোকিত থাকবে, মনের অবসাদ তত দ্রুত কেটে যাবে।
২. পছন্দের কাজে নিজেকে ব্যস্ত রাখুন : মন খারাপের অনুভূতিকে পাত্তা না দিয়ে নিজের প্রিয় কোনো কাজে ডুবে যান। চমৎকার কোনো বই পড়তে পারেন, পছন্দের গান শুনতে পারেন কিংবা ওটিটি প্ল্যাটফর্মে কোনো সিনেমা বা সিরিজ দেখে নিতে পারেন।
৩. নিয়মিত শরীরচর্চা করুন : মানসিক স্বাস্থ্যের উন্নতিতে ব্যায়ামের কোনো বিকল্প নেই। বৃষ্টির জন্য বাইরে বা জিমে যেতে না পারলে ঘরের ভেতরেই ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ, ইয়োগা বা মেডিটেশন করতে পারেন। এটি শরীরে ‘ফিল গুড’ হরমোনের মাত্রা বাড়াবে।
৪. পর্যাপ্ত ও মানসম্মত ঘুম : বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় অনেকেই শরীরে এক ধরনের ঘুমঘোর অনুভব করেন। শরীর ও মনকে সতেজ রাখতে এই ঋতুতে দৈনিক ৭-৮ ঘণ্টা পর্যাপ্ত ও মানসম্মত ঘুম অত্যন্ত প্রয়োজন। তবে দিনের বেলা অতিরিক্ত ঘুমানো থেকে বিরত থাকুন।
বিশেষ পরামর্শ : মেঘলা দিনের এই বিষণ্নতা সাধারণত সাময়িক। তবে ঘরোয়া এই উপায়গুলো অবলম্বন করার পরও যদি আপনার মন খারাপের ভাব না কাটে এবং তা দিনের পর দিন চলতে থাকে, তবে বিষয়টিকে অবহেলা না করে অবশ্যই একজন বিশেষজ্ঞ মনোবিদের পরামর্শ নিন।
সময়ের আলো/জোই