চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। এ সময় তিনি হালদা নদীর ভাঙন পরিস্থিতি পরিদর্শন খবরাখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
শনিবার (১১ জুলাই) সকালে উপজেলার নাজিরহাট পৌরসভার রশিদাপুকুর এলাকায় আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ শুরু হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক নির্দেশনা দিয়ে আসছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, মানুষের কী প্রয়োজন তা খোঁজ নিন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিন। তিনি সার্বক্ষণিক বন্যার্ত মানুষের খোঁজখবর রাখছেন এবং ২৪ ঘণ্টা পরিস্থিতি মনিটরিং করছেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ফটিকছড়ির সংসদ সদস্য শপথ নেওয়ার পরপরই বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন। ‘তিনি (এমপি) চেয়ারে বসার আগেই এলাকার মানুষের কথা ভাবছেন। আমাকে বলেছেন, তার এলাকার মানুষের জন্য ত্রাণ নিয়ে আসতে। ইনশাআল্লাহ আমি ফটিকছড়ির মানুষের পাশে আছি।
তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা। বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দফতরগুলো সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি আসনের সাংসদ সরওয়ার আলমগীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী প্রমুখ।
দুর্গত এলাকা পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন এবং হালদা নদীর ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
সময়ের আলো/জোই