চট্টগ্রামের সাতকানিয়ায় ভয়াবহ বন্যায় পানিবন্দি মানুষের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। উদ্ধার অভিযানের পাশাপাশি ইঞ্জিনচালিত বোটে করে দুর্গম ও বিচ্ছিন্ন এলাকায় খাদ্যসামগ্রী নিয়ে ছুটে যাচ্ছেন সেনাসদস্যরা।
শনিবার (১১ জুলাই) সকাল থেকে উপজেলার বিভিন্ন প্লাবিত ইউনিয়নে এই ত্রাণ কার্যক্রম শুরু হয়।
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সাতকানিয়ার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। অনেক গ্রামে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কোমর থেকে বুকসমান পানির কারণে যানবাহন চলাচল বন্ধ থাকায় নৌকাই এখন দুর্গত মানুষের একমাত্র ভরসা। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর সদস্যরা বোটে করে চাল, চিড়া, মুড়ি, বিশুদ্ধ পানিসহ জরুরি খাদ্যসামগ্রী নিয়ে দুর্গত মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন।
স্থানীয়রা জানান, অনেক পরিবার কয়েকদিন ধরে ঘরবন্দি অবস্থায় রয়েছে। বাজারে যাওয়া বা বাইরে থেকে খাদ্য সংগ্রহের সুযোগ না থাকায় অনেকেই খাদ্যসংকটে পড়েছেন। সেনাবাহিনীর ত্রাণ পৌঁছে যাওয়ায় স্বস্তি ফিরেছে বানভাসি মানুষের মাঝে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, সেনাবাহিনী, উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।
দুর্গত এলাকার বাসিন্দারা জানান, বন্যার পানিতে চারদিক বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় নিজেরা কোথাও যেতে পারছিলেন না। সেনাবাহিনীর সদস্যরা ঝুঁকি নিয়ে নৌকায় করে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ায় তারা অনেকটা স্বস্তি পেয়েছেন।
এদিকে আবহাওয়া পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত বন্যার্ত মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রয়োজনে আরও ত্রাণ ও উদ্ধার সরঞ্জাম নিয়ে কার্যক্রম বিস্তৃত করা হবে বলে জানা গেছে।
সময়ের আলো/মহু