নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা অঙ্গরাজ্যে দুই দিনের সেনা অভিযানে ৩০০ জনের বেশি সশস্ত্র ডাকাত ও অপহরণকারী চক্রের সদস্য নিহত হয়েছেন।
গার্ডিয়ানের তথ্যে জানানো হয়েছে, জামফারা অঙ্গরাজ্যের তথ্য কমিশনার মাহমুদ মুহাম্মদ দান্তাওয়াসা এক বিবৃতিতে জানান, গুম্মি জেলায় পরিচালিত এই অভিযানে নিরাপত্তা বাহিনী ডাকাতদের ঘাঁটিতে হামলা চালায়। এতে ৩০০ জনের বেশি ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে তিনি দাবি করেন।
নাইজেরিয়ার উত্তর ও মধ্যাঞ্চলে দীর্ঘদিন ধরে গবাদিপশু চোর, অপহরণকারী চক্র এবং জঙ্গিগোষ্ঠীর হামলায় সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। এসব গোষ্ঠী কৃষিজমিতে হামলা, গবাদিপশু লুট এবং মুক্তিপণের জন্য অপহরণের পাশাপাশি কৃষকদের নিজ জমিতে চাষাবাদ করতে গেলেও চাঁদা আদায় করে।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে অপরাধী চক্র ও জিহাদি গোষ্ঠীগুলোর মধ্যে সহযোগিতা বেড়েছে। উভয় পক্ষই দুর্বল কেন্দ্রীয় সরকারের সুযোগ নিয়ে নিজেদের কার্যক্রম বিস্তৃত করছে।
স্থানীয় বাসিন্দাদের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বুধবার রাতে প্রায় এক হাজার সশস্ত্র ডাকাত গবাদিপশু লুট করে নিয়ে যাওয়ার পর সেনাবাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবী নিরাপত্তা সদস্যরা যৌথ অভিযান শুরু করেন। স্থানীয় বাসিন্দা আবুবকর মুহাম্মদ জানান, রাতভর এবং পরদিন সকাল পর্যন্ত চলা সংঘর্ষে ৩০০ জনের বেশি ডাকাত নিহত হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, প্রায় দুই সপ্তাহ আগে সেনাবাহিনী একই ডাকাত ঘাঁটিতে অভিযান চালানোর চেষ্টা করেছিল। তবে ডাকাতদের সংখ্যাধিক্যের কারণে তখন তাদের পিছু হটতে হয়েছিল। জামফারা অঙ্গরাজ্য সরকার বলেছে, আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে এই অভিযান একটি গুরুত্বপূর্ণ সাফল্য।
নাইজেরিয়া বর্তমানে একাধিক নিরাপত্তা সংকটে রয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে দীর্ঘদিন ধরে বোকো হারাম ও ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি) সশস্ত্র বিদ্রোহ চালিয়ে যাচ্ছে।
সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় জঙ্গিবিরোধী অভিযানে বেশ কিছু সাফল্যের দাবি করেছে নাইজেরিয়ার সরকার। গত মে মাসে যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ অভিযানে ইসলামিক স্টেটের একজন শীর্ষ নেতা এবং প্রায় ২০০ যোদ্ধা নিহত হওয়ার কথা জানানো হয়।
এদিকে দারিদ্র্য ও দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে দেশটিতে সশস্ত্র ডাকাতি ও অপহরণও বেড়েছে। বিশেষ করে স্কুলশিক্ষার্থীদের অপহরণ করে মুক্তিপণ আদায় এখন বড় নিরাপত্তা সমস্যায় পরিণত হয়েছে।
নাইজেরিয়ার সেনাবাহিনী শনিবার জানিয়েছে, জিহাদিদের অপহরণ করা ৪০ জনের বেশি শিশুকে উদ্ধার অভিযানে তাদেরও হতাহতের ঘটনা ঘটেছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই অপহরণের ঘটনা ঘটায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ অঞ্চলটি এতদিন তুলনামূলক নিরাপদ বলে বিবেচিত ছিল।
সময়ের আলো/ইউএমএইচ