ওয়ারিশ ও ট্রাস্ট বিতর্ক : জাবের-জুমার সঙ্গে বসতে চায় হাদির পরিবার

রাজনীতি

ইনকিলাব কালচারাল সেন্টার নিয়ে সৃষ্ট বিরোধের অবসান ঘটাতে বর্তমান দায়িত্বশীলদের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে শহিদ শরীফ ওসমান হাদির

2026-07-11T21:24:14+00:00
2026-07-11T21:24:58+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি
ওয়ারিশ ও ট্রাস্ট বিতর্ক : জাবের-জুমার সঙ্গে বসতে চায় হাদির পরিবার
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৯:২৪ পিএম  আপডেট: ১১.০৭.২০২৬ ৯:২৪ পিএম
আবদুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা। সংগৃহীত ছবি
ইনকিলাব কালচারাল সেন্টার নিয়ে সৃষ্ট বিরোধের অবসান ঘটাতে বর্তমান দায়িত্বশীলদের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে শহিদ শরীফ ওসমান হাদির পরিবার। একই সঙ্গে সংগঠনের শীর্ষ নেতাদের আনা যোগাযোগের ঘাটতি ও ওয়ারিশসংক্রান্ত জটিলতার অভিযোগ নাকচ করে দিয়েছেন তারা। 

তবে উদ্ভূত পরিস্থিতি সুরাহার জন্য যে-কোনো সময় সমঝোতা বৈঠকে বসার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন হাদির বোন মাসুমা হাদি।

গত ৮ জুলাই রাতে ‘ওয়ারিশসংক্রান্ত জটিলতা’র কথা উল্লেখ করে ইনকিলাব কালচারাল সেন্টারের চেয়ারম্যান আবদুল্লাহ আল জাবের, ভাইস প্রেসিডেন্ট ফাতিমা তাসনিম জুমাসহ ছয় শীর্ষ কর্মকর্তা একযোগে পদত্যাগের ঘোষণা দেন। 

তাদের দাবি, শহীদ ওসমান হাদি বেঁচে থাকতে এটিকে ‘জনতার আমানত’ হিসেবে ট্রাস্ট গঠনের উদ্যোগ নিলেও তার মৃত্যুর পর গত ছয় মাস ধরে ওয়ারিশদের পক্ষ থেকে কোনো সুরাহা মেলেনি। পরিস্থিতি জটিল হওয়ায় তারা দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন। 

মাসুমা হাদি বলেন, ‘ওয়ারিশসংক্রান্ত কোনো বিষয়ে পরিবারের সঙ্গে কখনো কারও কোনো আলোচনাই হয়নি। জাবের কিংবা জুমারা হাদির শাহাদাতের পর আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। জুলাই মাসে যেখানে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত ভাই হত্যার বিচার নিশ্চিত করা, সেখানে সংগঠন নিয়ে এই বিতর্ক সৃষ্টি করা অপ্রয়োজনীয়। তবে তারা বসতে চাইলে ভুল বোঝাবুঝি দূর করতে আমরা প্রস্তুত।’ 

এদিকে শুক্রবার (১০ জুলাই) রাতে ‘শহীদ শরীফ ওসমান হাদি ফাউন্ডেশন’ নামের ফেসবুক পেজ থেকে ওসামন হাদির মা ও ভাইয়ের পক্ষে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে অভিযোগ করা হয়, ওসমান হাদির মৃত্যুর পর তার ভাই ওমর হাদিকে বাদ দিয়ে নতুন করে ট্রাস্ট গঠনের চেষ্টা হয়েছিল। 

পরিস্থিতি স্বাভাবিক করতে ফাউন্ডেশনের পক্ষ থেকে ২১ সদস্যের সম্প্রসারিত ট্রাস্টি বোর্ড গঠন, হাদির নামে তহবিল ও ট্রাস্টে তাঁর স্ত্রীর প্রতিনিধিত্ব নিশ্চিত করাসহ ৪টি প্রস্তাব দেওয়া হয়েছে। 


যুক্তরাষ্ট্রপ্রবাসী ওমর হাদি জানান, ফাউন্ডেশনের ফেসবুক পোস্টেই তাদের অবস্থান স্পষ্ট করা হয়েছে। 
তবে পরিবারের এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন সংগঠন থেকে সরে দাঁড়ানো ভাইস প্রেসিডেন্ট ফাতিমা তাসনিম জুমা। 

তিনি বলেন, ‘গত ছয় মাস ধরে আমরা পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাইনি। উল্টো সোশ্যাল মিডিয়ায় আমাদের নিয়ে নানা অপপ্রচার চালানো হয়েছে। আমরা দ্রুত সব কাগজপত্র পরিবারের কাছে বুঝিয়ে দিয়ে এই সংগঠনের দায়িত্ব থেকে চিরতরে সরে যাব, তবে ইনকিলাব মঞ্চের সঙ্গে যথারীতি যুক্ত থাকব।’ 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ওয়ারিশ  ট্রাস্ট  বিতর্ক  জাবের-জুমা  হাদি 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: