টানা কয়েকদিনের ভারী বর্ষণের ফলে পাবনার বেড়া উপজেলায় নিম্ন আয়ের খেটে-খাওয়া দিনমজুর ও শ্রমিকরা কর্মহীন হয়ে চরম বিপাকে পড়েছেন। অনবরত বৃষ্টির কারণে স্থানীয় হাটবাজার ও ঘাটগুলোতে মালপত্র আমদানি-রপ্তানি বন্ধ থাকায় চরাঞ্চলের সাধারণ মানুষ পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
সরেজমিনে দেখা গেছে, পেটের দায়ে অনেকে বৃষ্টি উপেক্ষা করে কাজের সন্ধানে বের হলেও কাজ না পেয়ে হতাশ হয়ে খালি হাতে বাড়ি ফিরছেন। অতি বৃষ্টির কারণে স্থানীয় চরের ক্ষেত-খামারে কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে, ফলে দিনমজুরদের উপার্জনের সব পথ বন্ধ হয়ে গেছে।
টানা বৃষ্টির প্রভাব পড়েছে স্থানীয় পরিবহন ও ব্যবসা-বাণিজ্যেও। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বাইরে না বের হওয়ায় ভ্যানচালকরা কোনো যাত্রী পাচ্ছেন না। আবার মালপত্র ওঠানামা বন্ধ থাকায় ঘাটের কুলি ও চাতাল শ্রমিকদেরও অলস সময় পার করতে হচ্ছে।
বন্যার ও বৃষ্টির এই বৈরী আবহাওয়ায় চরাঞ্চলের কৃষি খাতে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। চরে সদ্য কেটে জাগ দিয়ে রাখা কৃষকদের শত শত মণ তিল পানিতে ভিজে নষ্ট হয়ে পচে গেছে। এতে চরাঞ্চলের প্রান্তিক কৃষকরা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
চরাঞ্চলের জনপ্রতিনিধিরা জানিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা ও অন্যান্য জেলা শহরে কর্মরত স্থানীয় কর্মজীবী মানুষও নিজ গন্তব্যে ফিরতে পারছেন না।
কর্মহীন ও গৃহবন্দী হয়ে পড়া এই চরাঞ্চলবাসীর দুর্ভোগ নিরসনে জরুরি সরকারি সহায়তার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
সময়ের আলো/জেডি