টানা ভারী বর্ষণে রাজধানী ঢাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টির তোড়ে বিমানবন্দর সড়কসহ মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সৃষ্টি হয়েছে হাঁটুসমান পানি। এতে কাকলী, বনানী ও খিলক্ষেত এলাকায় তীব্র যানজটে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী কর্মজীবী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থেকে যাত্রীদের নাভিশ্বাস ওঠার উপক্রম হয়েছে।
ভোগান্তির মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী র্যাম্প এলাকা। বৃষ্টির পানি জমে র্যাম্পের নিচের অংশ কর্দমাক্ত ও জলমগ্ন হয়ে পড়ায় যানবাহনের গতি নেমে এসেছে তলানিতে। ওপর থেকে নেমে আসা যানবাহনগুলো যখন নিচের ধীরগতির যানবাহনের সাথে এসে মিশছে, তখন সেখানে তৈরি হচ্ছে তীব্র যানজটের জটলা। এ যেন এক স্থবির জনপদ।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক সতর্কবার্তায় গুলশান ট্রাফিক বিভাগ বলেছে, টানা বর্ষণের কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী র্যাম্পের নিচের অংশ, খিলক্ষেত এবং মহানগরের বিভিন্ন নিচু এলাকায় উল্লেখযোগ্য জলাবদ্ধতা দেখা দিয়েছে। এর ফলে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ধীর হয়ে পড়েছে এবং কোথাও কোথাও দীর্ঘ যানজট তৈরি হয়েছে।
বিশেষ করে কাকলী মোড় এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে আসা যানবাহন এবং নিচের সড়কে চলাচলকারী যানবাহনকে বাড়তি সতর্কতার সঙ্গে চলাচল করতে হচ্ছে বলে জানানো হয়েছে।
একই সঙ্গে মোটরযান চালক ও পথচারীদের জলাবদ্ধ এলাকায় ধীরগতিতে চলাচল, নিরাপদ দূরত্ব বজায় রাখা, সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে ট্রাফিক বিভাগ।
সময়ের আলো/কহু