কর্ণাটকের পরিবহনমন্ত্রী বাইরাথি সুরেশ শনিবার রাতে আকস্মিক পরিদর্শনে বেরিয়ে শহরের বাসযাত্রীদের নিত্যদিনের ভোগান্তির বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। ছদ্মবেশে বেঙ্গালুরু মহানগর পরিবহন সংস্থার (বিএমটিসি) একটি বাসে উঠলে, ভাঙতি টাকা না থাকায় কন্ডাক্টর তাকে বাস থেকে নেমে যেতে বলেন।
বাসসেবার মান যাচাই করতে সাধারণ যাত্রীর বেশে হেব্বাল থেকে নাগাশেট্টিহাল্লি গামী একটি বিএমটিসি বাসে ওঠেন তিনি এবং দুটি টিকিট চান। ভাড়া দিতে তিনি ১০০ রুপির একটি নোট দেন। কন্ডাক্টর তখন তাকে সঠিক ভাঙতি দিতে বলেন। মন্ত্রী জানান, তার কাছে ভাঙতি নেই।
এরপর কন্ডাক্টর নিজের টাকার ব্যাগ দেখিয়ে বলেন, তার কাছেও পর্যাপ্ত ভাঙতি নেই। তাই সঠিক ভাড়া দিতে না পারলে বাস থেকে নেমে যেতে হবে।
মুখে মাস্ক পরা থাকায় কন্ডাক্টর বুঝতেই পারেননি যে ওই যাত্রীই রাজ্যের পরিবহনমন্ত্রী। কোনো তর্ক না করে মন্ত্রী নীরবে বাস থেকে নেমে যান।
পরিদর্শনের সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ৯টা ১০ মিনিট পর্যন্ত মাস্ক পরে তিনি জয়মহল, টিভি টাওয়ার, আরটি নগর, সিবিআই রোড, হেব্বাল, মান্যতা টেক পার্ক, নাগাওয়ারা, হেন্নুর, হেন্নুর বান্দে, বাইরাথি বান্দে এবং গেদ্দালাহল্লি রুটে ভ্রমণ করেন।
এছাড়া নাগাশেট্টিহাল্লি এলাকায় তিনি কিছু দূর অটোরিকশাতেও যাতায়াত করেন।
সময়ের আলো/ইউএমএইচ