পানির নিচে টানা ২০ ঘণ্টা শুটিং করে রেকর্ড গড়লেন ভারতীয় দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। তার আসন্ন সিনেমা ‘মাইসা’র জন্য এমন চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন তিনি। রাশমিকা আগেই জানিয়েছিলেন ‘মাইসা’ সিনেমাটি তার ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে।
সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০ ঘণ্টা পানির নিচে শুটিংয়ে অংশ নিয়ে রেকর্ড গড়েছেন রাশমিকা। কেননা এর আগে ভারতের কোনো নায়িকা পানির নিচে এত দীর্ঘ সময় শুটিংয়ে অংশ নেননি। পানির নিচে অ্যাকশনের বেশ কিছু সিকোয়েন্সে অংশ নিতে হয়েছে রাশমিকাকে। যা মোটেই সহজ ছিল না। নির্মাতাদের দাবি, জলের তলে অ্যাকশনের মারপ্যাঁচ কষা মোটেই সহজতর না।
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে জলজ শুটিংয়ের খবর ভাগ করে নিয়েছেন রাশমিকা। যেখানে দেখা গেছে তার পরনে ‘ওয়েটস্যুট’। ডুবুরিরা তাকে ঘিরে শট দেওয়ার আগে দীর্ঘক্ষণ জলের তলায় টিকে থাকার পাঠ দিচ্ছেন। আরেক ফ্রেমে জ্বলজ্বল করছে পিঠের দগদগে ক্ষত! এ দৃশ্যগুলোর জন্য দুদিন ২০ ঘণ্টা পানির নিচে কাটাতে হয়েছে।
জানা গেছে, দৃশ্যগুলোতে অংশ নিতে কোনো বডি ডাবল নেননি রাশমিকা। যা নির্মাতাদের মতে দুঃসাহসী সিদ্ধান্ত। অ্যাকশন দৃশ্যের ছবি প্রকাশের পর থেকেই অনুরাগীরা মুখিয়ে আছেন প্রিয় তারকাকে মারকাটারি অবতারে দেখতে।
আনফর্মুলা ফিল্মসের প্রযোজনায় এবং রবীন্দ্র পুল্লের পরিচালনায় ‘মাইসা’ সিনেমাটি মূলত একটি উপজাতীয় পটভূমিতে নির্মিত অ্যাকশন ঘরানার গল্প। সিনেমাটি চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা রয়েছে।
গত এপ্রিল মাসে রাশমিকা মান্দানার জন্মদিনে ‘মাইসা’র একটি পোস্টার প্রকাশ হয়। যেখানে অভিনেত্রীকে এক বিধ্বংসী লুকে দেখা গেছে। সাদাকালো পোস্টারটিতে রাশমিকাকে দেখা গেছে একেবারেই ভিন্ন অবতারে। ফুটে উঠেছে রাশমিকার মুখে আঘাতের চিহ্ন এবং চোখেমুখে প্রতিশোধের আভা। যা দেখে স্পষ্ট বোঝা যায়, এই সিনেমায় তাকে বেশ চ্যালেঞ্জিং ও মারকুটে একটি চরিত্রে দেখা যাবে। ‘মাইসা’ চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সময়ের আলো/এসএকে