সমসাময়িক প্রেমের সম্পর্ক, মান-অভিমান এবং জীবনের বাস্তব অনুভূতিগুলোকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটক ‘যত দূরে যাও’। গল্পের প্রতিটি বাঁকে রয়েছে আবেগ, সম্পর্কের টানাপোড়েন এবং জীবনের কিছু অপ্রকাশিত সত্যর এক ভিন্ন অভিজ্ঞতা। এই নাটকে জুটি বেঁধেছেন আবু হুরায়রা তানভীর ও রিফাত জাহান। পরিচালনা করেছেন ধ্রুব আহমেদ। গল্প, সংলাপ, চিত্রনাট্য লিখেছেন মুরাদ পারভেজ। এটি নির্মাতার প্রথম নাটক।
নির্মাতা ধ্রুব আহমেদ বলেন, আমি দীর্ঘ ১৩ বছর ধরে মুরাদ পারভেজের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করে নিজেকে প্রস্তুত করেছি শুধু এই সময়ের জন্য। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ মুরাদ পারভেজের কাছে। তার সহযোগিতা ছাড়া এই জার্নি আমার পক্ষে সহজ হতো না। আমি কৃতজ্ঞতা জানাই এই নাটকের সব শিল্পী-কলাকুশলীকে।
নাটকটি প্রসঙ্গে পরিচালক বলেন, নাটকের গল্পটি রোমান্টিক। সমসাময়িক সম্পর্ক, ভালোবাসার মান-অভিমান নিয়ে। যা আমাদের জীবনেরই অংশ। দর্শক কিছু ভিন্নতা খুঁজে পাবেন।
এর আগে ‘পরী’, ‘মোনালিসা’ নাটকে তানভীর ও রিফাত জুটির অভিনয় দর্শক গ্রহণ করেছেন। নতুন এই নাটকটি নিয়ে আবু হুরায়রা তানভীর বলেন, অনেক রোমান্টিক গল্পেই কাজ করা হয়েছে, তবে এই নাটকের উপস্থাপনাটা একটু অন্য রকম। দর্শকদের ভালো লাগবে।
রিফাত জাহান বলেন, নির্মাতা ভালো একটি গল্প তুলে ধরেছেন। এতে হৃদয়স্পর্শী কিছু বিষয় উঠে এসেছে। কাজটি করে অনেক ভালো লেগেছে। আশা করছি নাটকটি দর্শকদেরও মনে ধরবে।
শ্রীমঙ্গল এবং ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে ‘যত দূরে যাও’ নাটকের। এতে আরও অভিনয় করেছেন কোহিনুর আলম, ফারজানা চুমকি, আনিশা তন্নী, ঝুনা চৌধুরী, রবিউল মাহমুদ ইয়ং, মানিক, আবির বাসু এবং তাসলিমা যাহরা। ১৬ জুলাই রাত সাড়ে ৯টায় প্রচারিত হবে এনটিভিতে।
সময়ের আলো/এসএকে