টুখেলের সমালোচনার জবাব দিলেন বেলিংহাম

ক্রীড়া ডেস্ক

খেলা

নরওয়েকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। তবে জয়ের আনন্দের মাঝেই নতুন বিতর্কে জড়িয়েছে থ্রি লায়ন্স শিবির। কোচ থমাস

2026-07-13T09:00:22+00:00
2026-07-13T09:00:22+00:00
 
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৩ জুলাই ২০২৬
খেলা
টুখেলের সমালোচনার জবাব দিলেন বেলিংহাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৯:০০ এএম 
সংগৃহীত ছবি
নরওয়েকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। তবে জয়ের আনন্দের মাঝেই নতুন বিতর্কে জড়িয়েছে থ্রি লায়ন্স শিবির। কোচ থমাস টুখেলের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন দলের জয়ের নায়ক জুড বেলিংহাম।

কোয়ার্টার ফাইনালের জয় নিশ্চিত হলেও দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন ইংল্যান্ডের জার্মান কোচ। ম্যাচ শেষে টুখেল বলেন, ‘ফলাফল দুর্দান্ত। আমরা শেষ চারে। এটা অসাধারণ। কিন্তু পারফরম্যান্সে আমি খুশি নই।’ তিনি ইংল্যান্ডের খেলাকে এলোমেলো ও ভুলে ভরা বলে মন্তব্য করেন এবং বলেন, ভাগ্যের জোরেই দলটি জয় পেয়েছে।

তবে কোচের মূল্যায়নের সঙ্গে একমত নন বেলিংহাম। রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার মনে করেন, প্রচণ্ড গরমের মধ্যে আর্লিং হালান্ড, মার্টিন ওডেগার্ড, আন্তোনিও নুসা ও আলেকজান্ডার সরলথদের মতো খেলোয়াড়দের বিপক্ষে খেলাটা মোটেও সহজ ছিল না।

সাংবাদিকদের বেলিংহাম বলেন, ‘হয়তো তিনি জানেন না, আর্লিং হালান্ড, ওডেগার্ড, নুসা ও সরলথের বিপক্ষে ওই পরিস্থিতিতে খেলাটা কেমন লাগে। এই দলের বিপক্ষে খেলা সহজ কাজ নয়। তিনি যা খুশি বলতে পারেন।’

টুখেল ও বেলিংহামের মধ্যে প্রকাশ্য মতবিরোধ এবারই প্রথম নয়। প্রায় এক বছর আগে বেলিংহামের মাঠের আচরণ নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন টুখেল। সে সময় তিনি বলেছিলেন, খেলোয়াড়টির মেজাজি স্বভাবের কিছু দিক দর্শকদের কাছে ‘বিরক্তিকর’ মনে হতে পারে। পরে অবশ্য ওই মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে টুখেল জানান, শব্দটি অনিচ্ছাকৃতভাবে ব্যবহার করা হয়েছিল এবং এর মাধ্যমে তিনি কোনো সমালোচনা করতে চাননি।

বিশ্বকাপ শুরুর আগেও বেলিংহামের একাদশে জায়গা নিয়ে প্রশ্ন তুলেছিলেন টুখেল। তিনি বলেছিলেন, ইংল্যান্ডের সবচেয়ে বড় তারকাদের জন্যও প্রথম একাদশে জায়গা নিশ্চিত নয়।

তবে মাঠের পারফরম্যান্সে সব সমালোচনার জবাব দিয়েছেন ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার। মেক্সিকো ও নরওয়ের বিপক্ষে টানা দুই নকআউট ম্যাচে জোড়া গোল করে ইংল্যান্ডকে সেমিফাইনালে তুলেছেন তিনি। তার দুর্দান্ত পারফরম্যান্সে টুর্নামেন্টের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট হলেও বেলিংহামের ব্যক্তিগত নৈপুণ্যের প্রশংসা করেছেন টুখেল। তিনি বলেন, ‘আর কিছু বলার নেই। প্রতিটি ম্যাচেই সে এটা করে। বিশ্বমানের।’

আগামী বুধবার আটলান্টায় বিশ্বকাপের সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   টুখেল  বেলিংহাম  বিশ্বকাপ  সেমিফাইনাল  ইংল্যান্ড 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: