পাবজি মোবাইলে আসছে নারুতো শিপুডেন : গেমটির ইতিহাসের অন্যতম বড় কোলাবোরেশন

সময়ের আলো ডেস্ক

বিবিধ

বিশ্বের জনপ্রিয় মোবাইল গেম পাবজি মোবাইল তাদের ইতিহাসের অন্যতম বড় ক্রসওভার ঘোষণা করেছে। জনপ্রিয় অ্যানিমে ফ্র্যাঞ্চাইজি নারুতো শিপুডেনের সঙ্গে যৌথ

2026-07-13T15:14:32+00:00
2026-07-13T15:33:59+00:00
 
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৩ জুলাই ২০২৬
বিবিধ
পাবজি মোবাইলে আসছে নারুতো শিপুডেন : গেমটির ইতিহাসের অন্যতম বড় কোলাবোরেশন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৩:১৪ পিএম  আপডেট: ১৩.০৭.২০২৬ ৩:৩৩ পিএম
সংগৃহীত ছবি
বিশ্বের জনপ্রিয় মোবাইল গেম পাবজি মোবাইল তাদের ইতিহাসের অন্যতম বড় ক্রসওভার ঘোষণা করেছে। জনপ্রিয় অ্যানিমে ফ্র্যাঞ্চাইজি নারুতো শিপুডেনের সঙ্গে যৌথ উদ্যোগে গেমটির ভার্সন ৪.৫ এ যুক্ত হচ্ছে নতুন গেমপ্লে, লোকেশন, চরিত্র ও বিশেষ ফিচার।

আগামী ৯ জুলাই প্রকাশিত হতে যাওয়া এই আপডেটের মাধ্যমে খেলোয়াড়রা প্রথমবারের মতো পাবজি মোবাইলের ভেতরেই নারুতো শিপুডেন এর জগৎ নতুনভাবে উপভোগ করার সুযোগ পাবেন। নারুতো প্রোডাকশন কমিটির তত্ত্বাবধানে তৈরি এই পার্টনারশিপে অ্যানিমে সিরিজটির বিভিন্ন আইকনিক স্থান, বিশেষ ক্ষমতা ও জনপ্রিয় চরিত্রগুলোকে গেমে যুক্ত করা হয়েছে।

নতুন আপডেটে খেলোয়াড়রা হিডেন লিফ ভিলেজ, হোকাগে রক এবং দ্য ফাইনাল ভ্যালিসহ নারুতোর গল্পের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থান ঘুরে দেখার সুযোগ পাবেন। পাশাপাশি ব্যবহার করা যাবে জনপ্রিয় নিনজুৎসু, যেমন চিদোরি, রাসেঙ্গান, শ্যাডো ক্লোন, ফ্লাইং রাইজিন জুতসুসহ আরও বিভিন্ন বিশেষ দক্ষতা।

এ ছাড়া গেমটিতে থাকবে একটি বিশেষ বস ফাইট, যেখানে খেলোয়াড়রা মুখোমুখি হবেন নারুতো সিরিজের অন্যতম আইকনিক চরিত্র নাইন-টেইলসের।

এই কোলাবোরেশনে যুক্ত হচ্ছে নারুতো, সাসুকে, সাকুরা, কাকাশি, হিনাতা, সুনাদে, জিরাইয়া, গারা এবং মাদারার থিমভিত্তিক ক্যারেক্টার সেট। আয়োজকরা জানিয়েছেন, পরবর্তী সময়ে আরও নতুন থিমভিত্তিক কনটেন্ট যুক্ত করা হবে।

পাবজি মোবাইল পাবলিশিং বিভাগের প্রধান ভিনসেন্ট ওয়াং বলেন, উদ্ভাবনী পার্টনারশিপের মাধ্যমে খেলোয়াড়দের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করতে পাবজি মোবাইল প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বজুড়ে নারুতোর জনপ্রিয়তা এবং শক্তিশালী ভক্তগোষ্ঠীর কারণে এই কোলাবোরেশন স্বাভাবিকভাবেই একটি আদর্শ মেলবন্ধনে পরিণত হয়েছে। প্রিয় এই সাংস্কৃতিক আইকনকে পাবজি মোবাইলের গেমপ্লের সঙ্গে যুক্ত করে এটি তাদের সবচেয়ে উচ্চাভিলাষী ও প্রতীক্ষিত ক্রসওভারগুলোর একটি হতে যাচ্ছে।

১৯৯৯ সালে যাত্রা শুরু করা নারুতো বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যানিমে ও মাঙ্গা সিরিজ। দীর্ঘদিন ধরে এটি বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের কাছে সমান জনপ্রিয়তা ধরে রেখেছে।

পাবজি মোবাইল জানিয়েছে, ভার্সন ৪.৫ এবং নারুতো শিপুডেন পার্টনারশিপ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য ৯ জুলাইয়ের আনুষ্ঠানিক প্রকাশের আগে জানানো হবে। গেমটি অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করে খেলা যাবে।

পাবজি মোবাইল ২০১৭ সালে প্রকাশিত পাবজি: ব্যাটলগ্রাউন্ডসর ভিত্তিতে তৈরি। গেমটিতে সর্বোচ্চ ১০০ জন খেলোয়াড় একটি দ্বীপে অবতরণ করে অস্ত্র, সরঞ্জাম ও যানবাহন সংগ্রহের মাধ্যমে শেষ পর্যন্ত টিকে থাকার লড়াইয়ে অংশ নেন। গেমটি যৌথভাবে তৈরি করেছে টেনসেন্ট গেমসের লাইটস্পিড স্টুডিওস এবং ক্রাফটন ইনকরপোরেটেড।

অন্যদিকে, মাসাশি কিশিমোতো রচিত নারুতো মাঙ্গা ১৯৯৯ সালে উইকলি শোনেন জাম্প এ প্রকাশ শুরু হয় এবং ২০১৪ সালে ৭০০তম অধ্যায়ের মাধ্যমে সমাপ্তি ঘটে। সিরিজটির মাঙ্গার মোট বিক্রি ২৫ কোটিরও বেশি কপি ছাড়িয়েছে। ২০০২ সালে এর অ্যানিমে সম্প্রচার শুরু হয় এবং ২০০৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত নারুতো শিপুডেন নামে প্রচারিত হয়। বর্তমানে অ্যানিমেটি বিশ্বের ১৪৫টিরও বেশি দেশ ও অঞ্চলে সম্প্রচারিত হচ্ছে।


  বিষয়:   পাবজি  মোবাইল  নারুতো শিপুডেন 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: