চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মালবাহী ট্রেনের ধাক্কায় বাকপ্রতিবন্ধী অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার পশুহাট এলাকার রেললাইনের ১৫৫/৪ নম্বর পিলারের সিগন্যাল সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি রেললাইনের পাশে অবস্থান করছিলেন। এ সময় একটি মালবাহী ট্রেন সেখানে পৌঁছালে, ট্রেনটির ধাক্কায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে আলমডাঙ্গা পশুহাট ও রেলস্টেশন এলাকায় ঘোরাফেরা করতেন। কেউ খাবার দিলে, তাই খেয়ে জীবনযাপন করতেন। রাতের বেলায় পশুহাট অথবা রেলস্টেশন এলাকাতেই ঘুমাতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম জানান, সকালে ঘুম থেকে উঠে তিনি রেললাইনের পাশে এসে দেখেন, বাকপ্রতিবন্ধী ব্যক্তিটি ডাউন লাইনের ওপর বসে আছেন। এ সময় খুলনাগামী একটি মালবাহী ট্রেন হর্ন বাজিয়ে এগিয়ে আসছিল। তিনি দ্রুত দৌড়ে গিয়ে ওই ব্যক্তিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাকে লাইনের ওপর থেকে সরানোর আগেই ট্রেনটি ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং তার একটি হাত ভেঙে যায়। তারপর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের এসআই জগদ্বীশ কুমার জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
সময়ের আলো/মহু