চট্টগ্রামে ‘ডিজিটাল ডট নেট’ (ডিডিএন) নামে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও কর্মকর্তা-কর্মচারীদের বেতনের ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর চকবাজার থানার চন্দনপুরা-বাকলিয়া এক্সেস রোডে অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, হামলার কিছুদিন আগে শীর্ষ সন্ত্রাসী ‘বড় সাজ্জাদ’-এর অনুসারী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন প্রতিষ্ঠানটির মালিকের কাছে ২ কোটি টাকা এককালীন এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। চাঁদা না পেয়ে ক্ষুব্ধ হয়ে সন্ত্রাসীরা এই হামলা চালায়।
ডিডিএন-এর মালিক আদিল বিন মামুন বলেন, বেশ কিছুদিন ধরে একদল সন্ত্রাসী আমাদের কাছে চাঁদা দাবি আসছিল। সম্প্রতি একটি বিদেশি নম্বর থেকে ফোন করে নিজেকে ডেভিড ইমন পরিচয় দিয়ে এককালীন ২ কোটি এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা চাওয়া হয়। সে সময় ইমন হুমকি দিয়ে বলে, ব্যবসা করতে হলে এই টাকা দিতে হবে এবং পুলিশ কমিশনারও তাকে চেনে। তিনি আরও জানান, চাঁদা না দেওয়ায় এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে এবং এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে সোমবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আদিল বিন মামুন ও ইমনের কথোপকথনের একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়েছে। সেখানে ইমনকে বলতে শোনা যায়, ‘স্মার্ট গ্রুপ’-এর মালিক মুজিবুর রহমানের বাসায় চাঁদা না পেয়ে সে-ই গুলি চালিয়েছিল।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, হঠাৎ করেই দেশীয় অস্ত্রে সজ্জিত প্রায় ২০ জনের একটি সন্ত্রাসী দল ডিডিএন অফিসে চড়াও হয়। তারা কুড়াল ও দেশীয় অস্ত্র দিয়ে অফিসের কম্পিউটার, কর্মকর্তা-কর্মচারীদের মোবাইল ফোন এবং বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে পুরো অফিস তছনছ করে দেয়।
ডিডিএনের পরিচালক রিদোয়ানুল কবির সাংবাদিকদের জানান, অস্ত্রধারী সন্ত্রাসীরা অফিসে প্রবেশ করে তাণ্ডব চালানোর পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের বেতনের জন্য রাখা নগদ ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মোবারক হোসেন ওরফে ইমনের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকায়। সে ২০২৫ সালের ৩০ মার্চ বাকলিয়ার জোড়া খুন এবং একই বছরের ২৩ মে পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় সন্ত্রাসী ‘ঢাকাইয়া আকবর’ হত্যা মামলার অন্যতম প্রধান আসামি। তার বিরুদ্ধে নগর ও জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন জানান, ডিডিএন কার্যালয়ে সন্ত্রাসী হামলার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে যাচাই-বাছাই করা হচ্ছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
সময়ের আলো/জোই