নওগাঁর বদলগাছী উপজেলার পারসোমবাড়ী-সেনপাড়া সড়কের বেগুনজোয়ার গ্রামের কাছে টানা অতিবৃষ্টিতে সড়কের একটি অংশ ধসে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং স্থানীয়দের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
স্থানীয়রা জানান, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে সড়কের নিচের মাটি সরে গিয়ে সড়ক ধসে পড়ে। ফলে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে এবং সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
সড়কের পাশের কয়েকটি পরিবারের নারী সদস্যরা জানান, ভাঙা অংশে পানির স্রোত কমাতে তারা সাময়িকভাবে আবর্জনা ফেলেছেন। বর্তমানে ঝুঁকি নিয়ে শুধু ভ্যান ও রিকশা চলাচল করছে। সড়কটি দ্রুত সংস্কার না হলে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যাবে এবং হাজারো মানুষের যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হবে।
পথচারী জাহাঙ্গীর আলম ও এক অটোরিকশা চালক জানান, শুধু ভাঙা স্থানই নয়, সড়কের আরও কয়েকটি অংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাই কেবল ভাঙা অংশ মেরামত নয়, পুরো সড়কের সংস্কার প্রয়োজন। অন্যথায় অল্প সময়ের মধ্যেই আবারও একই পরিস্থিতির সৃষ্টি হবে।
আধাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম পল্টন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভাঙা অংশের ছবি তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
উপজেলা প্রকৌশলী না থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি এর সঙ্গে কথা বললে তিনি জানান, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শনের জন্য সংশ্লিষ্ট এসওকে পাঠানো হচ্ছে।
নওগাঁ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. বদরুদ্দোজা মোবাইলফোনে বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, বিলম্ব হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও বিপর্যস্ত হয়ে পড়বে।
সময়ের আলো/জোই