রাজশাহী চিড়িয়াখানাকে আধুনিকায়ন করে সাফারি পার্ক করা হবে : প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহী ব্যুরো

সারাদেশ

মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘রাজশাহীর এই ঐতিহ্যবাহী চিড়িয়াখানাকে আধুনিকায়ন করে সাফারি পার্কের আওতায় এনে নতুনভাবে গড়ে

2026-07-13T21:35:16+00:00
2026-07-13T21:36:07+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
রাজশাহী চিড়িয়াখানাকে আধুনিকায়ন করে সাফারি পার্ক করা হবে : প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী
রাজশাহী ব্যুরো
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৯:৩৫ পিএম  আপডেট: ১৩.০৭.২০২৬ ৯:৩৬ পিএম
রাজশাহীতে অনুষ্ঠিত মতবিনিময় সভা। ছবি : সময়ের আলো
মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘রাজশাহীর এই ঐতিহ্যবাহী চিড়িয়াখানাকে আধুনিকায়ন করে সাফারি পার্কের আওতায় এনে নতুনভাবে গড়ে তোলা হবে। খুব শিগগিরই একটি বিশেষজ্ঞ দল পাঠিয়ে প্রয়োজনীয় সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

সোমবার (১৩ জুলাই) সকালে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা পরিদর্শন করে এ কথা বলেন তিনি। এরপর দুপুরে নগর ভবনের সিটি হলরুমে মহানগরীতে আধুনিক কসাইখানা নির্মাণ এবং কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার আধুনিকায়ন বিষয়ে অংশীজনের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি।


মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘একসময় রাজশাহীর মানুষের বিনোদনের অন্যতম কেন্দ্র ছিল রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে এর ঐতিহ্য নষ্ট হয়েছে এবং অস্তিত্ব প্রায় বিলীন হওয়ার পথে। এটিকে পুনরুদ্ধার করে জনগণের প্রত্যাশা অনুযায়ী নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হবে। চিড়িয়াখানার প্রাণীগুলো কোথায় স্থানান্তর করা হয়েছে, তাদের বর্তমান অবস্থা কী এসব বিষয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘নিরাপদ মাংস নিশ্চিত করতে রাজশাহীতে একটি আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক এ কেন্দ্রে পশু জবাইয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা, হালাল পদ্ধতিতে জবাই, আধুনিক ল্যাবের মাধ্যমে মান নিয়ন্ত্রণ এবং বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা থাকবে। এতে নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত হওয়ার পাশাপাশি কসাই ও মাংস ব্যবসায়ীরাও উপকৃত হবেন। পশুর কোনো অংশই অপচয় না করে গবেষণার মাধ্যমে রফতানি, জৈব সার ও বায়োগ্যাস উৎপাদনে ব্যবহার করা হবে।’


প্রতিমন্ত্রী আরও বলেন, ‘রাজশাহীর মানুষের দীর্ঘদিনের দাবি অনুযায়ী রাজশাহী চিড়িয়াখানাকে আধুনিকায়ন করা প্রয়োজন। এ বিষয়ে ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে আমি অবহিত করেছি। তিনি আধুনিক চিড়িয়াখানার ব্যাপারে সম্মত হয়েছেন।’

তিনি বলেন, ‘আম, রেশম, কৃষি, মৎস্য উৎপাদন, পরিচ্ছন্নতা ও পর্যটনের সম্ভাবনাসহ সব দিক থেকেই রাজশাহী সমৃদ্ধ। আধুনিক সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে রাজশাহীর আমের রফতানি বাড়িয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে। রাজশাহীকে আরও এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।’

এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. সৈয়দ শাহীন শওকত, প্রাণিসম্পদ অধিদফতরের পরিচালক ডা. মো. বয়জার রহমান, রাজশাহী বিভাগীয় প্রাণীসম্পদ অধিদফতরের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিনুল হাসান প্রমুখ।

মতবিনিময় সভার আগে, রাজশাহী মহানগরীর তালাইমারি এলাকায় রাজশাহী সিটি করপোরেশনের আধুনিক কসাইখানা নির্মাণের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এর আগে, তিনি রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা পরিদর্শন করেন এবং বিকেলে শহিদ জিয়া শিশু পার্কও পরিদর্শন করেন তিনি।

সময়ের আলো/মহু
  বিষয়:   রাজশাহী  চিড়িয়াখানা  আধুনিকায়ন  সাফারি  পার্ক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: