বাংলাদেশে টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৪৪ জনের প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় (মোফা) এক বিবৃতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বাংলাদেশ সরকার ও জনগণের পাশে থাকার বার্তা দিয়েছে। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে তারা।
সাম্প্রতিক কয়েক দিনের প্রবল বৃষ্টিতে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা ও পাহাড়ধসের কারণে বিভিন্ন স্থানে ১০ লাখের বেশি মানুষ আটকা পড়েছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও হবিগঞ্জ— এই সাত জেলায় বন্যার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। বর্তমানে এসব এলাকায় প্রায় ২ লাখ ৬৭ হাজার ৯১৮টি পরিবার সম্পূর্ণ পানিবন্দি হয়ে পড়েছে।
বন্যাকবলিত অঞ্চলগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা, সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নানা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। বহু মানুষের ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় এবং রান্নাঘর কাদায় ভরে থাকায় উপদ্রুত এলাকার বাসিন্দারা কয়েক দিন ধরে রান্না করতে পারছেন না।
ফলে লাখ লাখ মানুষ চরম খাদ্যসংকট ও মানবেতর জীবনযাপন করছেন। উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত অঞ্চলে ত্রাণ ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
সময়ের আলো/জেডি